
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ঢাকায়
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন উপলক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় নেপাল এয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান।
এ সময় বিদ্যা দেবী ভান্ডারীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকশ দল।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে বিদ্যা দেবী ভান্ডারী সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুপুরে তার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন।
বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন বিদ্যা দেবী ভান্ডারী। অনুষ্ঠান শেষে তিনি বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এরপর দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিদ্যা দেবী।
তার এই সফরে দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতার ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে।
১৯৭২ সালের ১৬ জানুয়ারি নেপাল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ওই বছর ৮ এপ্রিল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। যা পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিস্তার হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও বেড়েছে।❐



