
নৌকা ২৮১, ধানের শীষ ৬৯৬
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সারাদেশে ৩০০ আসনে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৮১ জন, বিএনপির ধানের শীষ প্রতীকে ৬৯৬ জন, জাতীয় পার্টি ২৩৩ জন, স্বতন্ত্র প্রার্থী ৪৯৮ জন ও অন্যান্য রাজনৈতিক দলের ১ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এক প্রেসবিফ্রিংয়ে এ কথা জানান।
সারা দেশে মনোনয়নপত্র জমা দেওয়া ৩০৬৫ জন প্রার্থীর মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, বরিশাল বিভাগে ১৮২টি, ময়মনসিংহ বিভাগে ২৩৬টি, ঢাকা বিভাগে ৭০৮টি, সিলেট বিভাগে ১৭৭টি এবং চট্টগ্রামে বিভাগে ৬৮৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবচেয়ে বেশি মনোনয়ন আবেদন ঢাকা-৮ আসনে, ২২টি। সব থেকে কম মাগুরা-২ আসনে ৪টি।
সচিব বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলের সবগুলোই প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৮১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (ধানের শীষ) ৬৯৬ জন, জাতীয় পার্টি-জাপা (লাঙ্গল) ২৩৩ জন, জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল) ১৭ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি (কাস্তে) ৭৭ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মই) ৪৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (মশাল) ৫৩ জন, গণফোরাম (উদীয়মান সূর্য) ৬১ জন, বিকল্পধারা বাংলাদেশ (কুলা) ৩৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (তারা) ৫১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ২৯৯ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ২৬ জন, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৭ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (ছাতা) ১৫ জন। বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল (চাকা) ৩ জন, গণতন্ত্রী পার্টি (কবুতর) ৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুড়েঘর) ১৪জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি) ৩৩ জন, জাকের পার্টি (গোলাপ ফুল) ১০৮ জন, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (গরুর গাড়ি) ১১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) ২০ জন, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) ৪৯ জন, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ৯০ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (খেঁজুর গাছ) ১৫জন, গণফ্রন্ট (মাছ) ১৬ জন, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি (বাঘ), বাংলাদেশ ন্যাপ (গাভী) ৪জন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ১৩জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ২৮জন, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি) ৫ জন, ইসলামী ঐক্যজোট (মিনার) ৩২জন, বাংলাদেশ খেলাফত মজলিশ (রিকশা) ১২জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ২১ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (হুক্কা) ৬জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ৩০জন, খেলাফত মজলিশ (দেয়ালঘড়ি) ১২জন, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাতপাঞ্জা) ১৭ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) ১জন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) ৭১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।
এছাড়া অনলাইনে ৩৯টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ২৩টি মনোনয়ন যথাযথভাবে দাখিল হয়েছে। তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৯ ডিসেম্বর প্রত্যাহার।



