
পর্দার অন্তরালে আলোচনার অগ্রগতি, নির্বাচন নিয়ে সমঝোতার আভাস
রূপসী বাংলা ডেস্ক:চলতি বছরের শেষের দিকে তফসিল দেয়ার কথা জানিয়েছে। আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ফলে আগামী অক্টোবরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা ইঙ্গিত দিলেন নির্বাচন কমিশন (ইসি)।
তব ইসির এই ঘোষণার পর একাদশ সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন আর কৌতূহল। কেননা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কি থাকছেন এ নির্বাচনে নাকি থাকছেন না। নাকি বিএনপিকে ছাড়াই নির্বাচন, তবে কারাই বা আসছে বিরোধী দলে। তবে এসব প্রশ্নের উত্তর সরাসরি পাওয়া না গেলেও ইতোমধ্যে নির্বাচন নিয়ে পর্দার আড়ালে সমঝোতার আলোচনা শুরু হয়েছে।
বিভিন্ন সূত্রের দাবি, পর্দার অন্তরালে আলোচনার অগ্রগতি সক্রিয় ভাবে চলছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরাসরি এ ধরনের কোনো তৎপরতার কথা স্বীকার করছে না। যদি পর্দার আড়ালে রাজনৈতিক আলোচনায় সমঝোতা হয়। তবে প্যারোলে বা স্বাভাবিকভাবে মুক্তি পেতে পারেন খালেদা জিয়া।
এক্ষেত্র কিছু শর্ত মানতে হতে পারে। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়াসহ বেশকিছু স্পর্শকাতর শর্তও থাকবে। তবে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে পারা বা না পারার বিষয়টি আদালতের ঘাড়েই থাকবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিছুটা নমনীয় মনে হয়েছে। গত ২ মে গণভবনে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যেও জিয়াউর রহমানের প্রসঙ্গ আসলে তিনি তাকে ‘মুক্তিযোদ্ধা’ সম্বোধন করেন।
এরপর ৩ মে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপির একাংশকে নির্বাচনে আনতে সরকার ভেতরে ভেতরে চেষ্টা করছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নির্বাচন আসলে বলা যাবে।’
বিষয়টি নিয়ে গত বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন আভাস দেন।
তিনি বলেন, ‘তফসিলের আগেই সরকারকে সমঝোতায় আসতে হবে। বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা না করা, কোনো ডায়ালগ ওপেন না করা, দেশের মানুষের যে ওপিনিয়ন সেটি সম্পূর্ণ উপেক্ষা করে সরকার দেশকে অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে।’
একাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘যে সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করেন। সংকটের সমাধান করেন। তারপর নির্বাচনে যান।’
তবে পর্দার অন্তরালে আলোচনা বা সমঝোতার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য সরাসরি অস্বীকার করেন।
তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির সঙ্গে সমঝোতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের। আর বিএনপির নির্বাচনে আসা না আসার বিষয়টিও তাদের একান্ত দলীয়।’
এছাড়া দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘বিএনপি ছাড়াও নির্বাচন কমিশনের নিবন্ধনভুক্ত ৪১টি দল আছে। নির্বাচনের জন্য বিএনপি অনিবার্য নয়। তারা নির্বাচনে আসবে কিনা, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। তাদের সঙ্গে আমাদের সমঝোতার প্রশ্নই আসে না।’
অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা বা আলাপ-আলোচনা নির্বাচন কমিশন করতে পারে। এটা তাদের এখতিয়ার। এটা আমাদের দায়িত্ব না। এ বিষয়ে আমাদের কোনো পদক্ষেপ নেই। কারণ, নির্বাচন তো নির্বাচন কমিশন করবে, সরকার বা সরকারি দল করবে না।’
সূত্র:বিডি২৪রিপোর্ট



