
পাক কিংবদন্তির চোখে বিরাট এখনই লেজেন্ড
রূপসী বাংলা ডেস্ক:কয়েকদিন আগে মহেন্দ্র সিং ধোনি দাবি করেছিলেন কিংবদন্তি হওয়ার দোরগোড়ায় রয়েছেন বিরাট কোহলি৷ এবার ‘দোরগোড়া’ শব্দটাকে সরিয়ে দিয়ে বিরাটকে সরাসরি কিংবদন্তি আখ্যা দিলেন প্রাক্তন পাক কিংবদন্তি ক্রিকেটার জাহির আব্বাস৷ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান আব্বাস বলেন, ‘কোহলি সবার সেরা’৷
প্রাক্তন পাক অধিনায়কের আগে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মুস্তাক মহম্মদও ভারত অধিনায়কের প্রশংসা করে বলেছেন, ‘বিরাটকে নিয়ন্ত্রণ করতে যে কোনও পাকিস্তানী অধিনায়ককে সমস্যায় পড়তে হত৷ অসাধারণ প্রতিভা রয়েছে ভারত অধিনায়কের৷ প্রথমে গাভাস্কর পরে সচিন এবং এখন বিরাট কোহলি, ভারত সত্যি অসাধারণ সব ব্যাটসম্যানের জন্ম দিয়ে চলেছে৷’
৭৮টি টেস্টে ১২টি শতরানকারী আব্বাস বিরাটের প্রশংসা করে বলেন, ‘আমি ভারতের অনেক সেরা ব্যাটসম্যানদের দেখেছি৷ আমি কোনও প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের তুলনাও করতে চাই না৷ কিন্তু এটাও ঠিক বিরাট এখনই সবার সেরা৷’ পাশাপাশি প্রাক্তন পাক অধিনায়ক আরও যোগ করেন, ‘আমার মতে লেজেন্ডরা নিজেদের জেনারেশনকে শাসন করেন৷ বিরাট খুব সহজভাবেই সেই কাজটি করছে৷ এটাই ওকে লেজেন্ডের জায়াগা দেয়৷’
৬৭টি টেস্ট ম্যাচ খেলে ৬টি ডাবল সেঞ্চুরির মালিক বিরাট৷ ৭ বছরের টেস্ট ক্রিকেট কেরিয়ারে একের পর এক রেকর্ড ভেঙেছেন গড়েছেন৷২০১১ সচিনের পর ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্ট ব়্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ‘ক্যাপ্টেন হট’৷ বিরাট কোহলি কার্যতই বাইশগজ শাসন করছেন৷ শেষ কয়েক দিনে ভারত অধিনায়কের প্রশংসা করেছেন সচিন, মুস্তাক মহম্মদ , মহেন্দ্র সিং ধোনি, সঙ্গাকারা এবং স্টিভ ওয়ার মত কিংবদন্তিরা৷
আব্বাসের আগে প্রথম টেস্ট চলাকালীন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনি বলেন, ‘বিরাট নিশ্চিতভাবেই সেরা ব্যাটসম্যান৷ ও এখনই কিংবদন্তি হওয়ার দোরগোড়ায় রয়েছে৷ বিরাট যেভাবে ব্যাট করে তাতে আমি আনন্দিত৷ শেষ কয়েকবছর ও সত্যিই অসাধারণ পারফরম্যান্স করেছে৷ ও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷ একজন নেতার কাছ থেকে এটাই আশা করা হয়৷ ওকে শুভেচ্ছা৷’



