
পোর্টল্যান্ডের সংঘর্ষে অভিযুক্ত সমর্থকদের পক্ষ নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে বর্ণবাদবিরোধী বিক্ষোভে হামলা ও সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের পক্ষ প্রকাশ্যেই অবস্থান নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার পোর্টল্যান্ডে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীদের ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় একজনকে গুলি করে হত্যা করা হয়। তবে ট্রাম্পের দাবি, সেদিন তার সমর্থকদের কার্যকলাপ ছিল রক্ষণাত্মক বা আত্মরক্ষামূলক।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
ডেমোক্রেটিক মেয়র ও গভর্নর রয়েছে এমন অঞ্চলগুলোতে সহিংসতার জন্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তার মিত্রদেরকেই দায়ী করেন ট্রাম্প।
পোর্টল্যান্ডের ওই সহিংসতায় যুক্ত নিজের সমর্থকদের কর্মকাণ্ডের নিন্দা জানাবেন কিনা- সিএনএনের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘ঠিক আছে, আমি বুঝতে পারছি সেখানে আমার বিপুলসংখ্যক সমর্থক ছিল। তবে এটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ।’
এ সময় কৃষ্ণাঙ্গদের সহিংসতার ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করেন ট্রাম্প।❐



