
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়াত প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাদিয়া ফয়জুননেসা আজ নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেলে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় কনসাল তিনি ভারতীয় কনস্যুলেট জেনারেলের নবাগত কনসাল জেনারেল রনধীর জাসওলের আমন্ত্রণে একটি সৌজন্য সাক্ষাতও করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে কনসাল জেনারেল প্রয়াত প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালে প্রয়াত প্রণব মুখার্জির গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি আরও বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
ভারতীয় কনস্যুলেট জেনারেলে শোক প্রকাশ করতে আসায় বাংলাদেশের কনসাল জেনারেলকে আন্তরিক ধন্যবাদ জানান ভারতীয় কনসাল জেনারেল। বৈঠকে কনসাল জেনারেল রনধীর জাসওল ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উভয়ে দু দেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে কনসাল জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইয়ের তিনটি খন্ড′ ভারতীয় কনসাল জেনারেলকে উপহার দেন।ভারতীয় কনসাল জেনারেল অভিভূত হয়ে বলেন, এই ঐতিহাসিক দলিলসমূহ তিনি সযত্নে সংরক্ষণ করবেন।❐



