
ইদানিং মাঝরাত্তিরে
ঘুমাও বুঝি খুব?
সকল কথা হয়েছে বলা?
তাই কী থাকো চুপ?
একলা আকাশ, একলা পাখি,
একলা উড়ে মন।
সজনে ডাটার গন্ধে মাতাল,
একলা থাকার ক্ষণ।
সেই সে মাটির দাওয়ায় বসে
ঘরকন্না করি।
লাউইয়ের মাচায় সাদা ফুল,
পরায় মনে বেড়ি।
সে যাক, এবার,
তোমার বাড়ির খবর বলো।
কেমন আছ? কী করছ?
আছ কি খুব ভালো?
পোস্ট অফিস কি বন্ধ তোমার?
চিঠি দাও না, মোটে।
তাও, ভাগ্যিস, পুরান গল্প
মাঝে মধ্যে জোটে!
গাছগুলো কি কথা বলে?
ভরে থাকে ফুলে?
ওদের জন্য অন্য কাউকে,
যাচ্ছ না তো ভুলে?
একটা গাছ হারিয়ে গেল,
খুব কি অভিমানে?
সেই গল্প- কেউ না জানুক;
আমাদের বন-সংসার জানে।



