
প্রতিদিন গাজায় চার ঘণ্টা হামলা বন্ধ থাকবে: বাইডেন
গাজায় প্রতিদিন চার ঘণ্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল, এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা এ নেতা বলেন, ‘যুদ্ধবিরতি’ নয় ‘মানবিক বিরতিই’ সঠিক পদক্ষেপ। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে দেয়া বার্তায় এসব কথা লেখেন তিনি। খবর বিবিসি।
বাইডেন বলেন, আমি বেসামরিক মানুষের নিরাপত্তার পক্ষে কাজ করে যাব। গাজার জনগণের দুর্ভোগ কমাতে সাহায্য বৃদ্ধির দিকে এখন আমাদের মনোযোগ।
গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গাজার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ১০ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের ৪০ শতাংশই শিশু।
এমন পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। কিন্তু বরাবরই হামলার পক্ষে সাফাই দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনৈতিক, সামরিক ও অর্থ সাহায্য দিয়ে এ পদক্ষেপে পাশে থেকেছে যুক্তরাষ্ট্র।
পরে বৈশ্বিক চাপে পড়ে যুক্তরাষ্ট্র ‘মানবিক বিরতি’র কথা বললেও নেতানিয়াহু নাকচ করে দেন।
গতকাল বাইডেন বলেন, সামনে কার্যকর হতে যাওয়া এ মানবিক বিরতিটি কয়েক সপ্তাহ আলোচনার মাধ্যমে আমরা পেয়েছি। আমি ইসরায়েলের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্তটি এসেছে।
তবে মানবিক বিরতির বিষয়ে সরাসরি তেল আবিবের মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু যুদ্ধের পক্ষে কথা বলেন। তার ভাষ্যে, হামাসের ‘সন্ত্রাসী হামলা’ ঠেকাতে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে।
গাজায় চলমান স্থল হামলা প্রসঙ্গে বলেন, আমরা গাজা দখল করে শাসন করতে চাই না। তবে সেখানে একটি বেসামরিক সরকারের প্রয়োজন। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, হামাস যেন পুনরায় হামলা চালাতে না পারে।
এ সংঘাতে হামাসের হামলায় এক হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। যার একটি উল্লেখযোগ্য অংশ সেনা সদস্য।



