প্রধান খবরবইমেলাবাংলাদেশ

প্রথম শিশু প্রহরে একুশে বইমেলা

আবার বছরজুড়ে নিশ্চুপ থাকা বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান হেসে উঠল বইপ্রেমীদের মুখরতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে গতকাল শুক্রবার যাত্রা শুরু করেছে অমর একুশে বইমেলা। এরপর ধুলোভরা বইয়ের প্রাঙ্গণে ছুঁয়ে গেছে হাজারো প্রাণের কলরোল। মাত্র সাড়ে তিন ঘণ্টার জন্য উন্মুক্ত হওয়া অমর একুশে বইমেলার প্রথম দিনে নেমেছিল মানুষের ঢল। তবে প্রতিবারের মতো এবারও মেলা শুরুর আগে সম্পন্ন হয় নি সজ্জার কাজ, বিরক্তি করেছে বইপ্রেমীদের। তবে খোলামেলা বিন্যাসে সন্তুষ্ট পাঠক ও প্রকাশক। ভালো-মন্দ মিলিয়ে অনেকরকম নতুনত্বে শুরু হল একুশে বইমেলা।
 
এদিকে আজ মেলার দ্বিতীয় দিনও ছুটির দিন শনিবার হওয়ায় মানুষের সমাগম কিছুটা বেড়েছিল। আজ ছিল প্রথম শিশু প্রহর। মেলার খুলেছিল সকাল ১১টায়, নিরবচ্ছিন্নভাবে চলেছে রাত ৯টা পর্যন্ত।
 
অমর একুশের গ্রন্থমেলার দ্বিতীয় দিনে প্রথম শিশু প্রহরে খুদে পাঠকদের পদচারণায় মুখর ছিল গ্রন্থমেলা। বড়দের মতো করেই স্টলে স্টলে ঢু মেরে পছন্দের বই নির্বাচন করেছে। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একটুখানি জিরিয়ে নেওয়া, তারপর আবারও শৈশবের দুরন্তপনা। প্রতি মেলাতেই শুক্র-শনিবারের সকালের পুরোটা সময় থাকে তাদের জন্যই। বই পড়ায় শিশুদের উৎসাহ দিতেই এমন উদ্যোগ। গেল কয়েকবছর ধরে মেলায় প্রতি শুক্র ও শনিবার শিশুপ্রহরের আয়োজন করে আসছে বাংলা একাডেমি।
শনিবার সকাল ১১টা থেকে এই আয়োজন শুরু হলেও ১০টা থেকেই মেলার বাইরে অভিভাবকদের হাত ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিশুদের। মেলার প্রবেশ গেট খোলার পরই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে শিশুদের সরব উপস্থিতি উৎসবে রূপ দেয় পুরো বই মেলাকে।
 
আজ ২ ফেব্রুয়ারি শনিবার ছিল অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো এদিনও শিশুদের পাশাপাশি বড়রাও ছুটে এসেছিলেন প্রিয় বন্ধু সান্নিধ্যে। মাঘের হালকা হিমেল আবহাওয়ায় পাঠকেরা ঘুরে ফিরেছেন এক স্টল থেকে অন্য স্টলে। এদিন অনেকেই মেলায় এসেছিলেন পরিবার পরিজন নিয়ে। তাদের কেউ বই কিনেছেন, আবার কেউ সংগ্রহ করে নিয়েছেন বুকলিস্ট। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অনেকেই বিভিন্ন প্রকাশনীতে খুঁজে ফিরেছেন প্রিয় লেখকের নতুন বই। আর বিক্রিও খুব একটা খারাপ ছিল না। মেলায় প্রবেশের জন্য খুব একটা লম্বা লাইন না হলেও মেলায় প্রবেশের ভিড় ছিল বেশ। এরপর সময় যত এগিয়েছে, ভিড় ততই বেড়েছে। পুরো মেলা জুড়েই থাকবে বইপ্রেমীদের এমন প্রাণের উচ্ছ্বাস- এমনটাই আশা করছেন প্রকাশক ও লেখকরা।
 
সুন্দর বিন্যাসের মাঝে মন খারাপ করার মতো বিষয় ছিল ধুলো। আর প্রায় পনেরোটির মতো স্টল এখনও পরিপূর্ণভাবে চালু করতে পারেন নি স্টল মালিকরা। এর মধ্যে রয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্যাভিলিয়নটি। চালু না হওয়া স্টলগুলোর মধ্যে রয়েছে- একুশে বাংলা প্রকাশন, বই বাজার প্রকাশনী, তিউরি প্রকাশন, পলাশ প্রকাশনী, মাদার্স প্রকাশনী, বাঁশিয়া প্রকাশনী, ঘাষফুল, বিজয় ডিজিটাল, পিয়াল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স ও পরিবার পাবলিকেশন্স। এ প্রসঙ্গে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানালেন, ৩৯৫টি প্রকাশনা সংস্থার মধ্যে হাতেগোনা কয়েকটির কাজ এখনও শেষ হয় নি। কাজ শেষ হয়ে গেলে আর ধুলো থাকবে না। এবারের মেলায় প্রথমবারের মতো সংযুক্ত করা হয়েছে ‘লেখক বলছি।’ যার প্রথম দিনে কথা বলেন কবি আফরোজা সোমা ও লেখক সাইফুল্লাহ মাহমুদ দুলাল। সঞ্চালনায় ছিলেন যথাক্রমে ফারহান ইশরাত ও খালিদ মারুফ।
নতুন বই :বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে গতকাল নতুন আসা বইয়ের সংখ্যা পাওয়া যায় নি। তবে মেলা ঘুরে দেখা গেছে, এরই মধ্যে এসেছে নতুন অনেক বই। প্রথম দিনেই তাম্রলিপি থেকে মুহম্মদ জাফর ইকবালের ‘নিয়ান’ ও ‘রাজাকার ইজ্জত আলীর জীবনের একদিন’ এবং অধ্যয়ন থেকে ‘টুনুর আজ কাহিনী’; সব মিলিয়ে তিনটি বই এসেছে। মেলায় নতুন আসা অন্য বইগুলোর মধ্যে রয়েছে- কাজী রোজীর ‘মধ্যিখানে সিঁথিকাটা পুরুষ গো’ (মাওলা ব্রাদার্স), সেলিনা হোসেনের ‘বিষণ্ণ শহরের দহন’, পবিত্র সরকারের ‘গল্পে বাংলা উচ্চারণ’ ও আসিফের ‘মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য’ (আলোঘর), এ কে এম শাহনাওয়াজের ‘কিশোরদের বঙ্গবন্ধু’ (অবসর), হরিশংকর জলদাসের ‘সুখলতার ঘর নেই’ (প্রথমা), পিয়াস মজিদের ‘কিছু হুমায়ূন’ (অন্বেষা)।
 
আজকের আয়োজন : আজ বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বিজয় : ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক-গবেষক আবুল মোমেন। আলোচনায় অংশ নেন লেখক-সাংবাদিক হারুন হাবীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী এবং গবেষক মোফাকখারুল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension