
হাসান ইমাম
উষার সঙ্গে গোধূলিকে মুখোমুখি
বসিয়ে দিয়েছি—যে আলো চোখে সয় না
সেই আলোয় তাকে দেখা যায় ভালো—;
প্রতিমা কিংবা অশরীরী ভেবে ভুল করবে যারা, করুক…
হাওয়ার সঙ্গে ফুলের গন্ধ মিশিয়ে নির্মিত সৌধ
দেখতে পায় না ওরা। কিছুই না থাকার সঙ্গে
সব থাকাকে এক পাত্রে রাখতে পারে কেবল প্রেমিক।
তর্ক তোলা যায়, যুক্তিও খাড়া করতে পার—
তবু এটাই সত্যি, প্রেমিকের স্বপ্ন মহাকাশের চেয়েও বড়…



