
ফরাসি গোয়েন্দাদের নিয়ে সংবাদ প্রকাশ করে গ্রেপ্তার সাংবাদিক
ফ্রান্সে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে আরিয়ান লাভরিয়া নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার পুলিশ লাভরিয়ার বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে হেফাজতে নেয়।
২০২১ সালের একটি প্রতিবেদন নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, মিশর ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তাদের লিবিয়া সীমান্তে চোরাকারবারীদের বোমা মারার জন্য ফরাসি গোয়েন্দাদের ব্যবহার করেছে। শুধু তাই নয়, ফরাসি গোয়েন্দারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অন্তত ১৯টি বোমা হামলায় জড়িত ছিল।
আরিয়ান লাভরিয়ার আইনজীবী বলেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার তদন্তের অংশ হিসেবে সাংবাদিক লাভরিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও রাতে হেফাজতে থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাতিয়া রে বলেন, একজন সাংবাদিককে তার কাজের জন্য পুলিশ হেফাজতে নেওয়া, বিশেষ করে জনস্বার্থের তথ্য প্রকাশ করার জন্য, এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং উৎসের গোপনীয়তার জন্য হুমকি।



