
ফেসবুক নিয়ে বিপাকে ফখরুল
রূপসী বাংলা নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে বেশ বিপাকেই পড়েছেন। এর জন্য তাকে দিতে হয়েছে বিবৃতিও। বিবৃতিতে তিনি বলেন, আমি কখনও কোন ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। আমার কোন ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মতামত প্রকাশ করা হচ্ছে।
মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারো একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে।
আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনো কোন ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নেই। সুতরাং এই ভুয়া ফেসবুকের কোনও মতামতের সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই এবং এর কোনও দায় দায়িত্ব আমার নেই।
তিনি বলেন, যারা এই ভুয়া ফেসবুক খুলে আমার নামে ব্যবহার করছেন তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। আমি আশা করবো-এই জঘন্য কর্ম থেকে তারা বিরত থাকবেন। এছাড়া ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রশাসনও যেন এ ব্যাপারে সচেষ্ট থাকে।



