
বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রূপসী বাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩১ আগস্ট, শুক্রবার নিজের সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের জাতির পিতার আদর্শের রাজনীতি করতে হবে। কারণ ছাত্রলীগ হচ্ছে জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত একটি সংগঠন।’
বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগের ত্যাগ রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংগঠনটির নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
শিক্ষাকে একজন ব্যক্তির ‘সবচেয়ে বড় সম্পদ’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে আগে জ্ঞান অর্জনের নির্দেশ দেন। তিনি বলেন, ‘এই জ্ঞান দিয়ে জাতির পিতার দেখানো আদর্শ অনুসরণ করে তোমাদের রাজনীতি করতে হবে।’
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।



