
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ইটালি প্রবাসীদের প্রশিক্ষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৪ মার্চ বাংলাদেশ দূতাবাস, রোম ভার্চুয়াল প্লাটফর্মে প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগ সংক্রান্ত প্রশিক্ষণে বাংলাদেশিদের মধ্যে সাড়া জাগায়।
ইটালির নয়টি শহরের ৩৩ জন প্রবাসী বাংলাদেশি সক্রিয়ভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দূতাবাস আয়োজিত এ উদ্যোক্তা ও বিনিয়োগ সংক্রান্ত প্রশিক্ষণের শুরুতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান স্বাগত বক্তব্য দেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। এরই ধারাবাহিতকায় উদ্যোক্তা ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশিদের উৎসাহিতকরণের জন্য রোমস্থ বাংলাদেশ দূতাবাস এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ইথিওপিয়াতে মনোনীত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বিষয়মূহ এবং সরকার প্রদত্ত সুবিধাসমূহ নিয়ে পৃথক পৃথক দু’টি অধিবেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)-এর পরিচালক মো. আরিফুল হক এবং বিডা-র উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস, রোম এর ইকোনমিক কাউন্সেলর মানস মিত্র।❐



