নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

বর্ণবাদ বিতর্কে নিউ ইয়র্ক জাদুঘর থেকে সরাল রুজভেল্টের ভাস্কর্য

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের একটি ভাস্কর্য নিউ ইয়র্ক জাদুঘরের সামনে থেকে অপসারণ করা হয়েছে। আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে নাগরিক আন্দোলনের মুখে শেষ পর্যন্ত রুজভেল্টের ভাস্কর্য সরানো হয়। খবর সিএনএনের

নিউ ইয়র্ক নগরীর আমেরিকান মিউজিয়াম অব ন্যাচরাল হিস্ট্রি ভবনের সামনে থেকে এটি অপসারণ করা হয়েছে। ১৯৪০ সালে ঘোড়ার পিঠে বসা সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ব্রোঞ্জের ভাস্কর্যটি বসানো হয় মিউজিয়ামের সামনে। ঘোড়ার পাশে এক জন ন্যাটিভ আমেরিকান ও একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যা বর্ণবৈষম্য প্রকাশ করে বলে অভিযোগ ছিল। ৮০ বছর পর এবার তা সরিয়ে ফেলা হলো।

মিউজিয়ামের মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, ইতিহাসবিদ এবং নিউ ইয়র্কের বিভিন্ন সংস্থার অনুমোদনক্রমেই ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্ত হয়। মিউজিয়ামের সামনের অংশটি এখন পুনরায় সাজানো হবে। গত মঙ্গলবার থেকে ভাস্কর্য সরানোর কাজ শুরু হয় এবং বৃহস্পতিবার শেষ হয়। এই ভাস্কর্যটি এখন নর্থ ডাকোটার মেডোরার থিওডোর রুজভেল্ট প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে স্থান পাবে। এই লাইব্রেরিটি ২০২৬ সালে চালু হবে।

২০২০ সালের জুনে জর্জ ফ্লয়েডকে শ্বেতাঙ্গ পুলিশের হত্যার পর বর্ণবৈষম্য-বিরোধী প্রতিবাদ থেকে ভাস্কর্য অপসারণের স্লোগান উঠলে এটি অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল নগর কর্তৃপক্ষ। আন্দোলনের পরিপ্রেক্ষিতে মিউজিয়াম কর্তৃপক্ষ আবেদন করলে তাতে রাজি হয় নগর কর্তৃপক্ষ। নগরীর তত্কালীন মেয়র বিল ডি বাজিও সরানোর পক্ষে ছিলেন। মিউজিয়ামের প্রেসিডেন্টও এটি সরানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। তবে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে হাস্যকর উল্লেখ করে ভাস্কর্য না সরানোর আহ্বান জানিয়েছিলেন। থিওডোর রুজভেল্ট ছিলেন যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট। তিনি ১৯০১ সাল থেকে ১৯০৯ সাল পর্যন্ত যুক্তরাস্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension