প্রবাস

বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬: কুইন্স প্যালেসে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা

হুমায়ূন কবীর ঢালী
নিউইয়র্কে উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ সামাজিক ও কমিউনিটি সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক.-এর আসন্ন নির্বাচন ২০২৬ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে জমে উঠেছে প্রচার-প্রচারণা ও প্রার্থী-সমর্থকদের তৎপরতা।
রোববার, ৬ সেপ্টেম্বর নিউইয়র্কের কুইন্স প্যালেসে নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কুইন্স প্যালেস প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে দুটি শক্তিশালী প্যানেল—‘সেলিম-আলী পরিষদ’ ও ‘কুনু-ফিরোজ পরিষদ’। পাশাপাশি সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আরও আনুষ্ঠানিক ও গতিশীল হয়ে উঠেছে।
নারী প্রতিনিধিত্বে গুরুত্ব
এবারের নির্বাচনে নারী প্রতিনিধিত্বের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। সেলিম-আলী পরিষদে দুইজন নারী প্রার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শাহনাজ হোসেন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং রুমানা আহমেদ সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে কুনু-ফিরোজ পরিষদ থেকেও একজন নারী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর বাইরে প্যানেলের বাইরে থেকে সাধারণ সম্পাদক পদে রাব্বি সৈয়দ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে শক্তি ডি. গুপ্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৯টি পদে নির্বাচন
বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী মোট ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ছয়টি শীর্ষ কর্মকর্তা পদ—সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ।
এছাড়া আটটি বিষয়ভিত্তিক সম্পাদক পদ রয়েছে—সাংগঠনিক সম্পাদক, প্রচার ও জনসংযোগ সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য সম্পাদক, ক্রীড়া ও বিনোদন সম্পাদক, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক। এর সঙ্গে রয়েছে পাঁচটি কার্যকরী সদস্য পদ।
৩৫ হাজার ভোটার, জমে উঠছে নির্বাচনী লড়াই
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। প্রায় ৩৫ হাজার ভোটার নিয়ে এবারের নির্বাচনে দুটি শক্তিশালী প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থী ও সমর্থকদের মধ্যে বাড়ছে তৎপরতা। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনে শেষ পর্যন্ত কোন প্যানেল প্রবাসীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়—সেদিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো কমিউনিটি।
ছবি
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension