
সাক্ষী এই বৃদ্ধ বটবৃক্ষ ,
বিবর্ণ এখন বাংলার বুক
চৈতালী মেঘে নেই শীতল ছায়া
শহরের সমস্ত সড়কে শ্বাপদের কোলাহল ,
তাই কোথাও নেই নিরাপদ নীড়।
কেটে গেছে কালিদাসের কাল ,
আহা, প্রদীপ জ্বলা সন্ধ্যায়
আর নেই পুঁথি-পাঠ
ওড়ে না প্রেম-পত্র পাখির ডানায় ,
দ্রৌপদীর দুঃখ দেখে হাসে নষ্ট নারী।
আমার কন্যার কষ্ট আমাকে কাঁদায় ,
এক পথের পিশাচ অগোচরে
ছুঁয়েছে তাহার শরীর
কেহ নেই পৃথিবীতে,
দুই পায়ে হাঁটে আজ জীবন্ত জানোয়ার।
নরক আলোকিত আধুনিক আলোয়
কিন্তু গ্রহণ লেগেছে স্বর্গের দ্বারে;
হায় সংবিধান,
কাহার প্রেমিকা তুমি?
কাহারে বেসেছো ভালো , সে পামর না কী পণ্ডিত?
জানি , যদিও তুমি জনতার নও ।
শৈশবের হারানো নদী
ফিরে আর পাবো না আমি
তবু যদি ফিরে আসি এই বাংলার মাঠে
বর্ষার দুরন্ত দুপুরে খুঁজে নেবো খেলার সাথী,
খুঁজে নেবো বাংলার বুক ভরা বেদনা।



