প্রধান খবরযুক্তরাষ্ট্র

বাইডেনের প্রথম স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ

প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাতে তাঁর প্রথম স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে স্বৈরাচারী শাসকের জন্য কঠোর হুঁশিয়ারি এবং বিপর্যস্ত জনগণের জন্য তাঁর সমবেদনা জানান। ভাষণটি তিনি এমন একটা সময়ে দিলেন, যখন গোটা পৃথিবী ভয়ঙ্কর মহামারী, ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এবং তিক্ত রাজনৈতিক বিভাজন দ্বারা বিপর্যস্ত হয়ে পড়েছে।

বাইডেন কংগ্রেসের যৌথ অধিবেশন কক্ষে বিপুল করতালির মধ্যে প্রবেশ করেন এবং – মহামারী শুরুর দুই বছর পরে সেখানে উপস্থিত মাত্র অল্প কয়েকজনকে মাস্ক পরে থাকতে দেখা যায়।

শুরুতেই বাইডেন বলেন, “গত বছর, কোভিড আমাদের আলাদা করে রেখেছিল, কিন্তু এই বছর আমরা অবশেষে আবার একসাথে মিলিত হতে পেরেছি।”

কংগ্রেসের সদস্যরা ছোট নীল এবং হলুদ রঙের ইউক্রেনের পতাকা উঁচিয়ে ইউক্রেনের প্রতি তাঁদের সমর্থন জ্ঞাপন করেন। বাইডেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত মোকাবেলায় কাল বিলম্ব না করে, ঘোষণা করেন, তিনি অবিলম্বে রাশিয়ান ফ্লাইটের জন্য আমেরিকার আকাশপথ বন্ধ করে দিচ্ছেন। পরবর্তী ১০ মিনিট তিনি কেবল রাশিয়া ইস্যুতেই কথা বলেন।

“ছয় দিন আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি মুক্ত বিশ্বের ভিত্তি কাঁপিয়ে দিতে চেয়েছিলেন। তিনি ভয়ঙ্কর উপায়ে বিশ্বকে নাড়িয়ে দিতে পারবেন ভেবেছিলেন,কিন্তু তার হিসেবে ভুল ছিল। তার ধারণা ছিল, তিনি ইউক্রেনে দখলদারিত্ব কায়েম করবেন আর গোটা বিশ্ব তা দেখে ভয়ে গুটিয়ে যাবে। কিন্তু এর পরিবর্তে তিনি এমন এক কঠিন শক্তির মুখোমুখি হন, যা তিনি কল্পনাও করতে পারেননি। তিনি ইউক্রেনীয় জনগণের আসল চেহারাটা দেখেছেন “।

সেই বিষয়টিকে তুলে ধরার জন্যই , স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা ফার্স্ট লেডি জিল বাইডেনের পাশে উপস্থিত ছিলেন এবং সকলেই দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। এসময় ফার্স্ট লেডিকে, ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমুখীর একটি ছোট সূচকর্ম তার গাঢ় নীল পোশাকের কব্জিতে পরিধান করে থাকতে দেখা যায়।

করোনভাইরাস মহামারী এবং বরাবরের মতো, অর্থনীতিও বাইডেনের ভাষণে বিশেষভাবে উল্লেখ পায়। তিনি এর আগেও কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন, তবে এটিই তাঁর প্রথম স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ।

মহামারী সম্পর্কে, তিনি বলেন: “আমরা যে অগ্রগতি করেছি, তা আপনাদের সহনশীলতা এবং আমাদের কাছে থাকা উপকরণগুলির সহজলভ্যতার কারণে। আজ রাতে আমি একথা বলতে পারি, যে আমরা আরও স্বাভাবিক রুটিনে ফিরে নিরাপদে এগিয়ে যাচ্ছি।”

তবে বাইডেনের কট্টর আমেরিকান সমালোচকরা তাঁর সমালোচনা করতে ছাড়েননি। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, “ইউক্রেনে এখন কোনও যুদ্ধ চালানো উচিত নয় এবং এটি মানবতার জন্য ভয়ানক যে বাইডেন, নেটো এবং পশ্চিমা বিশ্বের ব্যর্থতার কারণে খুব ভয়ঙ্করভাবে এই যুদ্ধ শুরু হয়েছে।”

‘একটি উন্নত আমেরিকা গড়ে তোলা’
অর্থনৈতিক ক্ষেত্রে, বাইডেন চারটি পদক্ষেপের উপর তাঁর দৃষ্টি নিবদ্ধ করেছেন, যেগুলো তিনি নেওয়ার পরিকল্পনা করেছেন। এগুলো হল: যুক্তরাষ্ট্রের শিল্প-কারখানায় উত্পাদন বৃদ্ধি এবং সরবরাহ চেইন শক্তিশালী করা; পণ্যের দাম কমানোর জন্য কাজ করা; ক্ষুদ্র ব্যবসা রক্ষা করার জন্য ন্যায্য প্রতিযোগিতাকে উত্সাহ প্রদান ; এবং ভাল বেতনের চাকরির প্রতিবন্ধকতা দূর করা।

তিনি বলেন, “আমি মনে করি মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমার একটি ভাল ধারণা আছে। খরচ কমান, মজুরি নয়।আমেরিকাতে আরও গাড়ি তৈরি করুন যাতে স্থানীয় অবকাঠামো এবং উদ্ভাবিত পণ্যগুলি আমেরিকায় দ্রুত এবং সস্তায় পাওয়া যায়। নতুন চাকরির ক্ষেত্র তৈরি হলে বিদেশী সাপ্লাই চেইনের উপর নির্ভর না করে আমেরিকাতেই আরও ভাল জীবনযাপনের সুযোগ সৃষ্টি হবে। আসুন আমেরিকাতে এগুলো তৈরি করি”।

আড়ম্বরপূর্ণ এই বক্তৃতায় সাধারণত আমেরিকান হওয়ার অর্থ কী তা, প্রতিফলিত হয়ে থাকে। এই বছরও তার কোনও ব্যাত্যয় ঘটেনি। হোয়াইট হাউজ থেকে বাছাই করা আটজন অতিথি ফার্স্ট লেডির সাথে যোগ দেন। এই আটজন অতিথি “প্রেসিডেন্টের বক্তৃতায় তুলে ধরা নীতি বা থিমের প্রতিনিধিত্ব করেন”।

এঁদের মধ্যে ছিলেন আমেরিকান, যারা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন, কলেজে পড়ুয়ার বাবা-মা, স্বাস্থ্যসেবা কর্মী, প্রযুক্তি উদ্ভাবক, সামরিক বাহিনীর সদস্যদের পরিবার, আদিবাসী আমেরিকান এবং যারা আমেরিকার ভবিষ্যত তারা।

তাদের মধ্যে সর্বকনিষ্ঠ অতিথি ছিল ভার্জিনিয়ার মিডলোথিয়ানের ১৩ বছর বয়সী জোশুয়া ডেভিস, যার শিশুকালেই টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ে। ৪ বছর বয়সেই , সে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের জন্য স্কুলকে নিরাপদ করার উদ্দেশ্যে একটি বিল পাস করার লক্ষ্যে ভার্জিনিয়া সাধারণ পরিষদের প্রতিনিধিত্ব করে ।

একদিন আগে জোশুয়ার জন্মদিন থাকায়, বাইডেন তাকে “শুভ জন্মদিন, বন্ধু” বলে জন্মদিনের শুভেচ্ছা জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension