
বাইডেনের বিদায়ে চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্কের খোঁজে বিশ্ব
চলতি সপ্তাহে দক্ষিণ আমেরিকায় বৈঠকে মিলিত হন বিশ্বনেতারা। এ সময় তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার এক জটিল প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীনের সঙ্গে নির্ভরযোগ্য ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ধীরস্থির ও সমন্বিত পদক্ষেপ নেবেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের সঙ্গে প্রতিযোগিতা সংঘাতে রূপ নেবে না। অবশ্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর হলে পরিস্থিতি কী হবে, তা এখনই বোঝা যাচ্ছে না। কারণ, ট্রাম্প চীনের ওপর চড়া শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন, যা আবারও বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে।
বাইডেনের কাছ থেকে ট্রাম্পের হাতে ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়ায় বিশ্বজুড়ে নেতারা চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক স্থাপনের উপায় খুঁজছেন। জিনপিং পেরুতে এক বৈঠকে বাইডেনকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল ও টেকসই সম্পর্ক বজায় রাখতে চান। চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্কের এই প্রচেষ্টা জি২০ সম্মেলনের সময় বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হতে পারে। কারণ, চীনের প্রশ্নে মানবাধিকার, তাইওয়ানের ভবিষ্যৎ, প্রযুক্তিগত প্রতিযোগিতা, সাইবার হামলা, রাশিয়াকে সহায়তা ও শুল্ক নিয়ে সম্ভাব্য সংঘর্ষের মতো ইস্যুগুলো সামনে এসে পড়ে, যা সমস্যা আরও বৃদ্ধি করতে পারে। জি২০ সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে অর্ধশতাব্দীর যাত্রা সমাপ্ত করবেন বাইডেন। ফলে অন্য নেতারা চীনের সঙ্গে নতুন একটি অধ্যায় শুরুর সুযোগ পেতে পারেন।
বাইডেন জাতিসংঘে তাঁর শেষ ভাষণে বলেছিলেন, বিশ্ব আরেকটি মোড় পরিবর্তনের সময়ে রয়েছে। আমরা আজ যে সিদ্ধান্ত নেব, তা ভবিষ্যৎ নির্ধারণ করবে। চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে বলে আশা করছেন বিশ্বনেতারা।
গবেষক জন ডেলুরি বলেছেন, ইউরোপীয় নেতারা জিনপিংয়ের দিক থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিতে চান। তারা চান, শুধু সংলাপের মধ্যে সীমাবদ্ধ না থেকে সম্পর্ককে এমন পর্যায়ে নিয়ে যেতে, যেখানে চীনকে তারা নির্ভরযোগ্য মনে করতে পারবেন। জি২০ সম্মেলনে জিনপিং তাঁর দেশকে মুক্ত বাণিজ্য ও আন্তর্জাতিক স্থিতিশীলতার সমর্থক হিসেবে তুলে ধরেন। জিনপিং ও তাঁর উপদেষ্টারা আশা করছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অনিশ্চয়তার মধ্যেও বিদেশি নেতারা তাদের পাশে থাকবেন।
জিনপিং বলেন, দেশগুলো একে অপরের উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখবে। পরস্পরকে প্রতিপক্ষ হিসেবে নয়, অংশীদার হিসেবে বিবেচনা করবে। তবে নিজের বক্তব্যে সতর্ক করে তিনি বলেছেন, পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। ট্রাম্পের প্রত্যাবর্তন নিজেদের কূটনীতিতে কিছু নমনীয়তা আনতে পারে চীন। দেশটির পররাষ্ট্রনীতি বিশ্লেষক ওয়াং ওয়েন মনে করেন, ট্রাম্পের মেয়াদে চীন আরও কৌশলগত কূটনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।



