
বার্মিংহ্যামে ব্যাঘ্র-গর্জন থামিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বিরাটবাহিনী
রূপসী বাংলা নিউজ ডেস্ক: রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি ও জসপ্রীত বুমরাহের মার্জিত বোলিংয়ে ভর করেও বিশ্বকাপের সেমিফাইনালে ভারত৷ এজবাস্টনে বাংলার বাঘেদের গর্জন থামিয়ে দিল বিরাটবাহিনী৷ ৩১৫ রান তাড়া করে ২৮৬ রানে থেমে গেল বাংলাদেশ৷ এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষচারে পৌঁছে গেল টিম ইন্ডিয়া৷ বিরাটদের শেষ ম্যাচ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে৷
রবিবার এজবাস্টনেই ইংল্যান্ডের কাছে হেরে চলতি বিশ্বকাপে হারের মুখ দেখেছিল ভারত৷ ইংরেজের বিরুদ্ধে এই পিচেই ভারতীয় ব্যাটসম্যানদের নেগেটিভ ব্যাটিং দেখেছিল ক্রিকেটবিশ্ব৷ কিন্তু এদিন বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে দলকে জয় এনে দিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা৷ ওপেনিং জুটিতে ১৮০ রান তোলেন দু’জনে৷ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশিপ৷
২০০৭-এ বাংলাদেশের কাছে হেরে ক্যারিবিয়ান বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে৷ এদিন মেন ইন ব্লু’র কাছে হেরে ২০১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলার বাঘেরা৷ ৮ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৭৷ অর্থাৎ শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নেয় বাংলাদেশের৷ এদিন রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না-হলেও শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম এবং মহম্মদ সইফুদ্দিন ও সাব্বির রহমানের লড়াইয়ে এক সময় ভারত অধিনায়কের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে ২৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত৷
বিশ্বকাপে দুরন্ত ফর্ম অব্যাহত শাকিবের৷ এদিন ৭৪ বলে ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন বাংলাদেশি অল-রাউন্ডার৷ ৩৪তম ওভারে শাকিবকে তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান হার্দিক পান্ডিয়া৷ তবে ড্রেসিংরুমে ফেরার আগে বিশ্বকাপে অনন্য নজির গড়েন শাকিব৷ বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে কোনও একটি বিশ্বকাপে ৫০০ বেশি রান এবং ১০টি উইকেট নিয়ে নজির গড়েন তিনি৷
শাকিব আউট হওয়ার পরও সইফুদ্দিন ও সাব্বিরের ব্যাটে ম্যাচে ফেরার লড়াই করে বাংলাদেশ৷ সপ্তম উইকেটে ৬৬ রান যোগ করে বিরাটদের চিন্তায় ফেলে দেন সইফুদ্দিন ও সাব্বির৷ কিন্তু ব্যক্তিগত ৩৬ রানে সাব্বিরকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরান বুমরাহ৷ এরপরও সফুইদ্দিনের মারকাটারি ইনিংসে জয়ের আশা দেখছিল বাংলাদেশ সমর্থকরা৷ কিন্তু বুমরাহ বিষাক্ত ইয়র্কার মোকাবিলা করার ক্ষমতা ছিল না বাংলাদেশি ব্যাটসম্যানদের৷ সইফুদ্দিন শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকলেও ৪৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ে এনে দেন বুমরাহ৷ ১০ ওভারে ৫৫ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন৷ আর ১০ ওভারে ৬০ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন পান্ডিয়া৷
রোহিত চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ ও ওয়ান ডে কেরিয়ারের ২৬ নম্বর সেঞ্চুরি পূর্ণ করে আউট হন৷ ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯২ বলে ১০৪ রান করেন তিনি৷ সেই সঙ্গে ডেভিড ওয়ার্নারকে টপকে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষ উঠে আসেন তিনি৷ বিশ্বকাপের ৮ ম্যাচে রোহিতের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৫৪৪৷ এদিন দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন রোহিত৷
লোকেশ রাহুল ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯২ বলে ৭৭ রান করে সাজঘরে ফেরেন৷ টুর্নামেন্টে পর পর পাঁচটি হাফসেঞ্চুরি করা বিরাট কোহলি এই ম্যাচে ২৭ বলে ২৬ রান করে আউট হন৷ ঋষভ পন্ত মাত্র ২ রানের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন৷ তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৪৮ রান করে ক্রিজ ছাড়েন৷ দীনেশ কার্তিক ৯ বলে ৮ রান করে উইকেট দিয়ে আসেন৷ ধোনি ৩৩ বলে ৩৫ রান করে আউট হন৷ বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৫৯ রানের বিনিময়ে একাই দখল করেন ৫টি উইকেট৷



