
বিএসএফের গুলিতে পাকিস্তানি ‘অনুপ্রবেশকারী’ নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অস্ত্রধারী এক পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। মঙ্গলবার পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় সকালে গুরুদাসপুরের আজনালা সেক্টরে এই অনুপ্রবেশের ঘটনা ধরা পড়ে। পরে সেনারা সেখান থেকে অস্ত্রসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গুরুদাসপুর সেক্টরের সীমান্ত পোস্ট চান্নার বিএসএফ সৈন্যরা সশস্ত্র এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর সন্দেহজনক গতিবিধি দেখতে পান। পরে সৈন্যরা তাকে চ্যালেঞ্জ করে প্রতিহত করেন।
ওই মুখপাত্র বলেন, পাকিস্তানি ওই দুর্বৃত্তের মরদেহের পাশে একটি বন্দুক পাওয়া গেছে এবং এ ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
বিএসএফের ওই কর্মকর্তা আরও জানান, অনুপ্রবেশকারীর কাছে একটি অত্যাধুনিক মডিফাইড ‘পাম্প অ্যাকশন’ শটগান পাওয়া গেছে।



