
‘বিজেপি সাম্প্রদায়িক, তাদের মদতদাতা সিপিএম’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আরএসএসে’র হুমকিতে পিছপা নন৷ উল্টে ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আবারও তৃণমূল মহাসচিবের নিশানায় আরএসএস৷ কটাক্ষ করলেন সিপিএম নেতৃত্বকেও৷ বললেন, ‘‘আরএসএস ও বিজেপি একই মুদ্রার দু’পীঠ৷’’
দাড়িভিটে শিক্ষকের দাবিতে আন্দোলন৷ সেই আন্দোলনেই গুলিতে দুই ছাত্রের মৃত্যু৷ বিরোধীরা প্রচারে বলছে শিক্ষকে দাবির বদলে ছাত্রদের জুটল বুলেট৷ প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল৷ শিক্ষক না দিতে পারার জন্য সিপিএমকে দায়ি করেছেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী৷ এলাকায় অশান্তি ছড়াতেই দাড়িভিট গিয়েছেন সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য৷ এর প্রতিবাদ তাঁর অভিযোগ, “সিপিএম কোর্টে গিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রাখছে।’’
মর্মান্তিক এই ঘটনাকে বিজেপি সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে৷ আর তাতেই মদত যোগাচ্ছে বামেরা৷ এই অভিযোগ তুলে শাসক শিবিরের মহাসচিব বলেন, ‘‘তৃণমূল বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়ছে৷ কিন্তু রাজ্যে আশান্তির জন্যই সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে সিপিএম৷’’

গত ২০শে সেপ্টেম্বর বাংলা সহ কয়েকটি বিষয়ে শিক্ষকের দাবিতে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল চত্বর রণক্ষেত্রের নেয়। গুলিতে মৃত্যু হয় ওই স্কুলের প্রাক্তন ছাত্র রাজেশ সরকারের। মৃত্যু হয় তাপস বর্মণ নামে আরও এক ছাত্রর। ঘটনার জন্য দায়ী করে পার্থবাবু আবারও কাঠগড়ায় তোলেন দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের ডিআই-কে৷ তিনি বলেন, “ঘটনার পরই ডিআই-কে সাসপেন্ড করা হয়েছে। রিপোর্ট চেয়েছি। পরিচালন কমিটি নিজের দায়িত্ব পালন ঠিক মত না করলে সেই কমিটি ভেঙে দেওয়া হবে। দোষীদের রেয়াত করা হবে না৷’’
ইসলামপুর নিয়ে বিরোধীদের আন্দোলনকে হাল্কাভাবে নিতে নারাজ শাসক শিবির৷ তাই ডিআইয়ের উপর ঘটনার দায় ঠেললেও বিজেপির ডাকা বনধ মোকাবিলায় তৎপর তৃণমূল৷ শরতের বাংলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷



