প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিদেশি হস্তক্ষেপে এ দেশে কখনোই রাজনৈতিক সংকট সমাধান হয়নি

জাকির হোসেন  রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  রাজনৈতিক দাবি আদায়ে এবার বিদেশিদের দ্বারস্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের বেশ কয়েক নেতাকে নিয়ে এখন তিনি মার্কিন মুল্লুকে অবস্থান করছেন। এরই মধ্যে বিএনপি নেতারা জাতিসংঘ সদর দফতরে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে খবর প্রকাশ করেছে পলিটিকো নামে একটি মার্কিন সংবাদমাধ্যম। ব্ল– স্টার স্ট্রাটেজিকস এবং রাস্কি পার্টনারস নামে ২টি প্রতিষ্ঠানকে হোয়াইট হাউজে নিয়োগ দেয়া হয়েছে বলে খবরে জানানো হয়। এ নিয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যখন বিব্রত, তখন মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের সদর দফতরের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বেশ বিব্রত ও ইতস্তত বোধ করেছেন। প্রথমেই তিনি সাংবাদিকদের জানান, বলার মতো কিছুই নেই। এরপর বলেন, নির্বাচন নিয়ে কথা হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা কি অভিমত প্রকাশ করেছেন এ বিষয়ে কিছুই বলেননি। সবকিছু চেপে গেছেন। যদিও উভয় পক্ষের মধ্যে কথা হয়েছে ১ ঘণ্টারও বেশি সময়। আবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে কি নিয়ে কথা হবে এর উত্তরে বিএনপি মহাসচিব বলেন, এটা পারসোনাল। আসলেই কি তাই? আর জাতিসংঘের কাছে যে প্রত্যাশা নিয়ে তারা গিয়েছিলেন সেটা পূরণ হয়নি! এসব নিয়েই এখন বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা।

এদিকে বিএনপির বর্তমান তৎপরতার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের কোনো প্রকার চাপের কাছেই সরকার মাথানত করবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।

তবে এটা সত্য যে, বিদেশিদের হস্তক্ষেপে বাংলাদেশে কখনোই রাজনৈতিক সংকটের সমাধান হয়নি। রাজনৈতিক সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের সমঝোতার লক্ষ্যে কমওয়েলথ মহাসচিব চিফ এমেকা এনিয়াওকু, কমওয়েলথ মহাসচিব চিফের বিশেষ দূত স্যার নিনিয়ান স্টিফেন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো, যুক্তরাষ্ট্রের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বিভিন্ন সময়ে এ দেশের রাজনৈতিক সংকট সমাধানে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কেউই সফল হননি। এরা সবাই দফায় দফায় বাংলাদেশের রাজনীতিকদের সঙ্গে আলোচনা শেষে দেশের রাজনীতিকদেরই সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের সমঝোতার লক্ষ্যে কমওয়েলথ মহাসচিব চিফ এমেকা এনিয়াওকু’র বিশেষ দূত স্যার নিনিয়ান স্টিফেন ১৯৯৪ সালের ১৩ অক্টোবর ঢাকায় আসেন। ঢাকায় আসার পর থেকে তিনি প্রায় মাসবাপী উভয় দলের নেতাদের সঙ্গে দফায় দফায় সংলাপের মধ্যস্থতা করেন। সংলাপের একপর্যায়ে তিনি একটি ফর্মূলা উত্থাপন করেন। এতে স্যার নিনিয়ান সাংবিধানিক কাঠামোর আওতায় নির্বাচনের সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ১১ সদস্যের একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের কথা বলেন। এই সরকারে প্রধানমন্ত্রীসহ সরকারি দলের ৫ জন এবং বিরোধী দলের ৫ জন মন্ত্রী থাকবেন। এরা সবাই ৫ম জাতীয় সংসদের নির্বাচিত এমপিদের মধ্যে থেকে মনোনীত হবেন। এ ছাড়া বাকি একজন নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হবেন। যার ওপর স্বরাষ্ট্র, সংস্থাপন এবং তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর ভার ন্যস্ত থাকবে। সরকারি ও বিরোধী দলের মধ্যে সংলাপে সহায়তাকারী স্যার নিনিয়ান স্টিফেন সংসদ উপনেতার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে পৃথকভাবে আলাপ করে তাদের মনোভাব জানতে চেষ্টা করেন। কিন্তু সমঝোতার উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। এ প্রেক্ষিতে বিদায়ী সংবাদ সম্মেলনে স্যার নিনিয়ান সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করে বলেন, সহিংসতা ও হাঙ্গামার মাধ্যমে কিছুই অর্জিত হবে না। সহিংসতা ও হাঙ্গামা শুধু ক্ষোভ আর হতাশার পথেই দেশকে নিয়ে যাবে। ব্যর্থ মিশন শেষে তিনি ১৪ নভেম্বর দেশে ফিরে যান।

এর আগে ১৯৯৪ সালের ১৯ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব চিফ এমেকা এনিয়াওকু ৫ দিনের সফরে বাংলাদেশে আসেন। এ সময় তিনি দুই নেত্রীর সঙ্গে আলোচনা করেন এবং উভয়ে দলের মধ্যে সংলাপের ভিত্তিতে সংকট নিরসনের প্রস্তাব করেন। প্রয়োজনে তিনি এ ব্যাপারে আবারো বাংলাদেশে আসার প্রত্যাশা ব্যক্ত করেন অথবা বিশেষ দূত পাঠাবেন বলে উল্লেখ করেন। দুই নেত্রী এতে সম্মতি প্রকাশ করেন। বাংলাদেশ সফর শেষে তিনি আলোচনা শুরু করার জন্য দুই নেত্রীর কাছে ফ্যাক্সবার্তা পাঠান। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালের ১৩ অক্টোবর স্যার নিনিয়ান স্টিফেন ঢাকায় আসেন।

বিদায়ী সংবাদ সম্মেলনে স্যার নিনিয়ান স্টিফেন সংলাপের সাফল্য সম্পর্কে হতাশা ব্যক্ত করে বলেন, সহিংসতা ও হাঙ্গামার মাধ্যমে কিছুই অর্জিত হবে না। এ পথ পরিহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা ও হাঙ্গামা শুধু ক্ষোভ আর হতাশার পথেই দেশকে নিয়ে যাবে। আলাপ-আলোচনার মাধ্যমে বর্তমান উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির নিরসন এখনো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এরপর ২০০৬ সালে দেশে আবারো রাজনৈতিক সংকট তীব্র হয়। তখন ঢাকায় দায়িত্ব পালনরত প্রভাবশালী দেশের কূটনীতিকরা নানাভাবে চেষ্টা চালিয়েও দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সংলাপ অনুষ্ঠানে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত হয়ে যায় এবং ক্ষমতায় আসে বহুল আলোচিত ওয়ান-ইলেভেন সরকার।

২০১২ সালের মাঝামাঝি সময় থেকে তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে নামলে রাজনৈতিক সংকট ঘনীভূত হতে থাকে। এ সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের লক্ষ্যে ২০১২ এবং ২০১৩ সালে ২ দফা ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো।

২০১৩ সালের ডিসেম্বরে অস্কার ফার্নান্দেজ তারানকোর সফর সফল হবে বলে প্রত্যাশা করছিলেন বাংলাদেশের শান্তিকামী মানুষ। কিন্তু ২০১৩ সালে ১২ ডিসেম্বর বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতাদের একসঙ্গে বসানো ছাড়া আর কোনো আশার খবর শোনাতে পারেননি। জাতিসংঘের বিশেষ দূত বলেন, বাংলাদেশের সমস্যা বাংলাদেশের রাজনীতিকদেরই সমাধান করতে হবে। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের প্রধান দুই প্রতিযোগী যদি কোনো বিষয়েই একমত না হতে পারেন এবং পরস্পরের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেন, তাহলে সমস্যার শান্তিপূর্ণ সমাধান আশা করা কঠিন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension