
বীরু’র রেকর্ড ভাঙার বিরাট সুযোগ
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করে নিউজিল্যান্ডে পা-রেখে বিরাটবাহিনী৷ ‘কিউই বধ’ করার প্রচেষ্টায় কোহলি অ্যান্ড কোং৷ দলের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের সামনে ক্যাপ্টেন কোহলি৷ বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড ভাঙার বিরাট সুযোগ রয়েছে কোহলির সামনে৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটদের পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু বুধবার৷ প্রথম ম্যাচ নেপিয়ারের ম্যাকলিন পার্কে৷ পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ছাড়াও তিনটি টি-২০ ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু’৷ সদ্য বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে কিউইদের বিরুদ্ধে মাঠে নামছে বিরাটবাহিনী৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট ও ওয়ান ডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া৷ ৭১ বছরে অস্ট্রেলিয়ায় কোনও দিন টেস্ট সিরিজ এবং দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতেনি ভারত৷
অজিদের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ হেরেও পরের দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে কোহলিবিগ্রেড৷ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিডনিতে ৩৪ রানে প্রথম ম্যাচ হারে ভারত৷ কিন্তু পরের দু’টি ম্যাচে অজিদের উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে বিরাট-ধোনিরা৷ অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ম্যাচে বিরাট ও ধোনির ব্যাটে সিরিজে সমতায় ফেরে ভারত৷ সেঞ্চুরি আসে বিরাটের ব্যাট থেকে৷ ওয়ান ডে কেরিয়ারে ৩৯তম সেঞ্চুরি করেন কোহলি৷
কিউইদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে দু’টি সেঞ্চুরি করলে সেহওয়াগের রেকর্ড ভেঙে ফেলবেন বিরাট৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছ’টি ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে বীরুর৷ আর পাঁচটি সেঞ্চুরি করে আগেই সচিন তেন্ডুলকরকে ছুঁয়েছেন বিরাট৷ সামনে শুধু সেহওয়াগ৷ সেঞ্চুরির পাশাপাশি কিউইদের বিরুদ্ধে ওয়ান ডে রানেও বীরুকে টপকে যাওয়ার সুযোগ কোহলির সামনে৷ মাত্র ৪ রান করলে বীরুকে টপকে যাবেন বিরাট৷
নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিরুদ্ধে বিরাট এখনও পর্যন্ত পাঁচটি ওয়ান ডে খেলেছেন৷ একটি সেঞ্চুরি-সহ ২৯১ রান করেছেন ক্যাপ্টেন কোহলি৷ গড় ৫৮.২০৷ সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি-সহ ১৫৩ রান করেছেন বিরাট৷



