
বেড়েছে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ফি
ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মীসহ সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রবিবার (১৮ জুন) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ভিসা ফি বাড়ানোর কথা জানানো হয়। নতুন ভিসা ফি শনিবার (১৭ জুন) থেকে কার্যকর হয়েছে।
দূতাবাস জানায়, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি ১/বি ২) এবং অন্যান্য আবেদনমুক্ত (নন-পিটিশন) এনআইভি যেমন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭ হাজার ২৮৭ টাকা) থেকে বাড়িয়ে ১৮৫ ডলার (প্রায় ১৯ হাজার ৯৮৮ টাকা) করা হয়েছে।
এছাড়া অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও , পি , কিউ এবং আর শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে। আর চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (ই শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার করা হয়েছে।
অনভিবাসী ভিসার ফি ও কনস্যুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারের হালনাগাদ তালিকার জন্য এই ওয়েবসাইট দেখতে অনুরোধ করেছে দূতাবাস।



