প্রধান খবরবাংলাদেশ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  বৈশ্বিক পাসপোর্ট সূচকে গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার ওই সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম। একই অবস্থানে আছে লেবানন, লিবিয়া ও দক্ষিণ সুদান।

বুধবার হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, ৪১টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে বাংলাদেশের পাসপোর্টধারী নাগরিকদের। এ তালিকায় শীর্ষে রয়েছে জাপান এবং সবার নিচে ইরিত্রিয়া। খবর ইউএনবির।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) সহায়তায় ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে হেনলি পাসপোর্ট সূচক। এআইটিএ বিশ্বের পর্যটকদের তথ্যভিত্তিক সবচেয়ে বড় ডাটাবেজ।

এবারের সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত। দেশটির অবস্থান ৭৯তম। তাদের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ৬১টি দেশে। তবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান। সূচকে দেশটি ১০২ নম্বর অবস্থানে রয়েছে। তাদের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার আছে ৩৩টি দেশে। ৯৫তম অবস্থানে থাকা শ্রীলংকার নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ৪৩টি দেশে। ৯৮তম স্থানে থাকা নেপালের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ৪০টি দেশে। আর ৪৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধাপ্রাপ্ত মিয়ানমারের অবস্থান ৯০তম।

এ তালিকায় দু’বছরের মধ্যে ২০ ধাপ অগ্রগতি হয়েছে চীনের। তারা ২০১৭ সালে ছিল এ সূচকে ৮৫তম স্থানে। এ বছর তাদের অবস্থান ৬৯তম।

তালিকার শীর্ষে থাকা জাপানের পাসপোর্টধারী ব্যক্তি ভিসা ছাড়া ১৯০টি দেশে প্রবেশ করতে পারেন। এর পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ পান।

সুবিধাজনক অবস্থানে আছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ফ্রান্স ও জার্মানি এ সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে। এই দুই দেশের নাগরিকরা ১৮৮ দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ পান। চতুর্থ অবস্থানে রয়েছে ডেনমার্ক, ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন। ১৮৭টি দেশে তাদের রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ। যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ দুই দেশের নাগরিকরা ভিসামুক্ত প্রবেশাধিকার পান ১৮৫টি দেশে। অন্যদিকে কানাডা অবস্থান করছে সপ্তম স্থানে।।

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension