
ব্যাটে-বলে দুরন্ত চেন্নাই, নাইটদের হারিয়ে শীর্ষে ধোনিব্রিগেড
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : চিপকে সুপার কিংসকে মাত্র ১০৯ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেওয়ার পর জয়ের স্বপ্ন দেখেননি অতি বড় নাইট সমর্থকও। স্বল্প রানের পুঁজি নিয়ে যা হওয়ার তাই হল। ১৬ বল বাকি থাকতে নাইটদের ৭ উইকেটে হারিয়ে আইপিএলের পঞ্চম জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। একইসঙ্গে ফের লিগ টেবিলের শীর্ষে চলে গেল ধোনিব্রিগেড।
চিপকে এদিন টস জিতে নাইটদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চেন্নাই দলনায়ক ধোনি। প্রথম তিন ওভারে ক্রিস লিন, সুনীল নারিন ও নীতিশ রানার উইকেট হারাতেই ললাটলিখন একপ্রকার স্পষ্ট হয়ে যায়। বল হাতে জ্বলে ওঠেন সুপার কিংস পেসার দীপক চাহার। পাশপাশি হরভজন-তাহির এবং জাদেজা এই স্পিন ত্রয়ীর সামনে কার্যত থরহরি কম্প নাইট ব্যাটসম্যানরা মাথা তুলেই দাঁড়াতে পারেননি।
নাইট ব্যাটসম্যানদের হারাকিরির মাঝে ব্যাট হাতে একমাত্র উজ্জ্বল ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল। ধারাবাহিকতা বজায় রেখে ফের একবার নাইট শিবিরে ভরসার স্থলপাত্র হয়ে উঠলেন দ্রে রাস। একাদশতম ওভারে ক্রিজে নেমে শেষ অবধি নাইট শিবিরে ভরসা জোগালেন তিনি। তাঁর ৪৪ বলে অপরাজিত ৫০ রানে ভর করে কোনক্রমে ১০০’র গন্ডি পার করে নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান তোলে তারা। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ৩ উইকেট তুলে নেন চাহার। দু’টি করে উইকেট নেন হরভজন ও তাহির। একটি উইকেট দখল করেন জাদেজা।
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই মারমুখী হয়ে ওঠে ওয়াটসন। তবে ৯ বলে ১৭ রান করে নারিনের শিকার হন তিনি। ক্রিজে জাঁকিয়ে বসার আগে রায়নাকেও দ্রুত ডাগ-আউটে ফেরান ক্যারিবিয়ান স্পিনার। কিন্তু তৃতীয় উইকেটে ডু’প্লেসি-রায়ডুর ৪৬ রানের পার্টনারশিপে ভর করে ধীরে ধীরে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যায় চেন্নাই। অন্যদিকে স্বল্প রানের পুঁজি নিয়ে ম্যাচ জয়ের জন্য নাইটদের প্রয়োজন ছিল দ্রুত উইকেট। সেই লক্ষ্যপূরণে ব্যর্থ হয় তারা।
রায়ডু ২১ রানে ফিরলেও ৪৩ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া ব্যাটসম্যান ডু’প্লেসি। ৮ রানে অপরাজিত থাকেন কেদার যাদব। ফলস্বরূপ হাইভোল্টেজ দ্বৈরথকে কার্যত একপেশে পরিণত করে সহজ জয় তুলে নেয় ধোনিব্রিগেড। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ফের লিগ শীর্ষে ইয়েলো ব্রিগেড।



