
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ ডিবি হেফাজতে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেয়া হয়।
পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাত ১ টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য তার বাসায় আসে। এরপর আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়।
এদিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ের সামনে অপেক্ষায় ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসর বাবা-মা। অনেকবার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু ছেলে আসিফ মাহতাবের কোনো খবর পাননি তারা।
মিন্টো রোডে উৎকণ্ঠায় দাঁড়িয়ে থাকা আসিফ মাহতাবের বাবা শাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, কী কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিতে মিন্টো রোডে আসছি। কিন্তু এখানে কেউ কথা বলছে না। ভেতর থেকে জানানো হচ্ছে আমরা আনলে তো ফোন করে জানাতাম। এ অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কি আছে? থাকলে কেমন আছে? জীবিত আছে কি না!



