ভারত

ভবানীপুরে চলছে ভোট, চলছে মমতার ভাগ্য নির্ধারণ

ভারতের দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচন স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষার দিন আজ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জিতলে মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন।

ভবানীপুরে বিজেপি প্রার্থী করেছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। সিপিএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস। খবর আনন্দবাজার পত্রিকা।

এ আসনে ২ লাখ ৮ হাজার ৪৫৬ জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে। ভবানীপুরের পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জ ও জঙ্গিপুর আসনেরও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন উপলক্ষে ভবানীপুর আসনে নির্বাচন কমিশন নিরাপত্তা জোরদার করেছে। নিয়োগ করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার সন্ধ্যা থেকে ভবানীপুর বিধানসভা আসনের এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুথের ২০০ মিটারের মধ্যে ৫ জনের বেশি মানুষকে জমায়েত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

দক্ষিণ কলকাতার এই কেন্দ্রই ঠিক করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ। ১০ বছর আগে এই বিধানসভা কেন্দ্র থেকেই জিতে প্রথমবার বিধানসভায় গিয়েছিলেন মমতা। মমতা যে জিতবেন, তা নিয়ে তৃণমূলের কোনও স্তরেই কোনো সংশয় নেই। কিন্তু তৃণমূল তথা মমতার কাছে এই লড়াই আরও গুরুত্বপূর্ণ ব্যবধানের কারণে। বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মমতার জন্যই তিনি কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন। শোভনদেবের জয়ের ব্যবধান ছিল ২৭ হাজারের কিছু বেশি। এই উপনির্বাচনে মমতার জয়ের ব্যবধান তার চেয়েও বেশি রাখতে চায় তৃণমূল।

ভবানীপুরের নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী ৩ অক্টোবর।

গত মার্চ এবং এপ্রিল মাসে আট দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। ২ মে ফল প্রকাশ হয়। মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২৯২ (প্রার্থীর মৃত্যুতে শমসেরগঞ্জ বা জঙ্গিপুরে ভোট হয়নি) আসনের মধ্যে ২১৩টিতে জিতে বিপুল ভাবে ক্ষমতায় ফেরে। কিন্তু নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ভোটে হেরে যান মমতা। ৫ মে মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেন মমতা। তবে মন্ত্রী থাকতে হলে তার পরের ছ’মাসের মধ্যে তাকে জিতে আসতে হবে বিধানসভায়। সেই কারণেই ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension