
ভাড়া আকাশছোঁয়া, জীবনযাত্রা দুর্বিষহ
NYC ভাড়াটিয়াদের দুর্দশা নিয়ে ‘Rental Ripoff’ রিপোর্ট প্রকাশ করলেন মেয়র জোহরান মামদানি
শাহ্ জে. চৌধুরী, নিউইয়র্ক
নিউইয়র্ক সিটির ভাড়াটিয়াদের দীর্ঘদিনের ভোগান্তি—অতিরিক্ত ভাড়া, নিম্নমানের আবাসন ব্যবস্থা এবং বাড়িওয়ালাদের অবহেলা—নিয়ে প্রকাশ করা হয়েছে আলোচিত “Rental Ripoff” রিপোর্ট। মেয়র জোহরান মামদানি প্রকাশিত এই প্রতিবেদনে নগরীর হাজারো ভাড়াটিয়ার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে আবাসন ব্যবস্থায় সংস্কারের জন্য একাধিক সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের বহু বাসিন্দা মাসের পর মাস উচ্চ ভাড়া পরিশোধ করেও পাচ্ছেন না নিরাপদ ও মানসম্মত বাসস্থান। ভাড়াটিয়াদের অভিযোগের মধ্যে রয়েছে—ভবনে মোল্ড (ছত্রাক), পানি লিকেজ, পোকামাকড়ের উপদ্রব, নষ্ট লিফট, ত্রুটিপূর্ণ সুযোগ-সুবিধা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব।
মেয়র মামদানি বলেন, “নিউইয়র্কবাসী শুধু বেশি ভাড়া দিচ্ছেন না, অনেক ক্ষেত্রেই তারা সেই অর্থের বিনিময়ে প্রাপ্য সেবাও পাচ্ছেন না।” ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং আবাসন খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে তার প্রশাসন নতুন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।
‘Rental Ripoff’ উদ্যোগের আওতায় নগরীর বিভিন্ন এলাকার ভাড়াটিয়াদের কাছ থেকে সরাসরি অভিযোগ, অভিজ্ঞতা ও পরামর্শ সংগ্রহ করা হয়। এসব মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে ২৩ দফা সুপারিশ, যার মূল লক্ষ্য হলো নিউইয়র্কবাসীর জন্য আরও নিরাপদ, সাশ্রয়ী ও ন্যায্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।
নিউইয়র্কে বাড়িভাড়া সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। অভিবাসী, নিম্ন ও মধ্যম আয়ের পরিবারসহ অসংখ্য বাসিন্দার জন্য নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থান এখন বড় চ্যালেঞ্জ। মেয়র মামদানির এই উদ্যোগ বাস্তবে কতটা পরিবর্তন আনতে পারে, সেটিই এখন নগরবাসীর নজরে।
— উচ্চ ভাড়ার বোঝা থেকে মুক্তি ও মর্যাদাপূর্ণ বসবাসের অধিকারই এখন নিউইয়র্কবাসীর প্রধান দাবি।



