খেলা

ভারতের কোচ হিসেবে গ্রেগকে নিয়ে সন্দেহ ছিল ইয়ান চ্যাপেলেরও, ভাবতে বলেছিলেন গাওস্কর: সৌরভ

রূপসী বাংলা ডেস্ক:গ্রেগ চ্যাপেলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বৈরথ ভারতীয় ক্রিকেটের একটা স্মরণীয় পর্ব। যাঁর হাত ধরে ২০০৫-এ ভারতীয় ক্রিকেটের অন্দরে পা দিয়েছিলেন গ্রেগ সেই সৌরভকেই কোণঠাসা করতে শুরু থেকেই উঠে পড়ে লাগেন। গ্রেগ জমানায় অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়ে যান সৌরভ। সৌরভ বলেছেন, গ্রেগকে কোচ করার ব্যাপারে অনেকেই তাঁকে সতর্ক করে দিয়েছিলেন। আর এই তালিকায় যেমন ছিলেন ভারতের কিংবদন্তী প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্কর। তেমনই গ্রেগের ভাই ইয়ান চ্যাপেলেরও আপত্তি ছিল। এই সব সতর্কবার্তা উপেক্ষা করেই নিজের মতের ওপরই নির্ভর করেছিলেন ভারতীয় দলের তত্কালীন অধিনায়ক সৌরভ। আসলে এর আগে একটা ঘটনায় গ্রেগ সম্পর্কে শ্রদ্ধাশীল হয়ে পড়েছিলেন সৌরভ। ২০০৩-এ অস্ট্রেলিয়া সফরের আগে গোপনে সে দেশে চলে গিয়েছিলেন সৌরভ। সেখানে যে মাঠগুলিতে খেলা হওয়ার কথা ছিল সেগুলি ঘুরে দেখেন তিনি। নিজের ও দলের সহখেলোয়াড়দের প্রস্তুতির জন্যই এই কাজ করেছিলেন সৌরভ। এ ব্যাপারে তাঁকে গ্রেগ ভালো সাহায্য করতে পারবেন, ভেবে তাঁর দ্বারস্থ হয়েছিলেন সৌরভ।
সৌরভ জানিয়েছেন, আগে যখনই দেখা হয়েছে তখনই গ্রেগের ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান তাঁকে মুগ্ধ করেছিল। তবে তখন ঘুণাক্ষরেও তাঁর মনে হয়নি যে, পরবর্তীকালে গ্রেগ ডেকে আনলে এমন একটা ঘটনায় জড়িয়ে পড়বেন তিনি।
২০০৪ থেকেই আলোচনা চলছিল, জন রাইট চলে যাওয়ার পর কোচ কে হবেন তা নিয়ে। সেই সময়ই গ্রেগের নাম মাথায় আসে সৌরভের। তাঁর মনে হয়েছিল, গ্রেগ দলকে এক নম্বর করে তুলতে প্রয়োজনীয় সহায়ক হয়ে উঠবেন। নিজের মত তিনি তত্কালীন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়াকে জানিয়েছিলেন। সেই সময় গ্রেগকে বেছে নেওয়া সম্পর্কে বিরুদ্ধ মতপ্রকাশ করেছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে একজন গাওস্কর বলেছিলেন, সৌরভ ভেবে দেখো। গ্রেগ কোচ থাকলে তোমার দল চালাতে সমস্যা হতে পারে। গ্রেগের অতীত কোচিং রেকর্ড কিন্তু ভালো নয়।
এরপর ডালমিয়া একদিন সৌরভকে বাড়িতে ডেকে বলেছিলেন, গ্রেগেকে ভারতের কোচ করার ব্যাপারে নেতিবাচক মত প্রকাশ করেছেন তাঁর ভাই ইয়ান চ্যাপেলও। ইয়ান বলেছেন, গ্রেগ ভারতের পক্ষে সঠিক কোচ হবেন না।
কিন্তু এত সব পরামর্শ না মেনেই গ্রেগকে কোচ করার পক্ষে মত দিয়েছিলেন সৌরভ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension