যুক্তরাষ্ট্র

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাশ

সম্প্রতি আকস্মিক মৃত্যুবরণ করা প্রবীণ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের দীর্ঘ প্রতীক্ষিত এবং দ্বিদলীয় ঐকমত্যের একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে মার্কিন সিনেট। রাশিয়ার জ্বালানি তেলের প্রধান ক্রেতাদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর লক্ষ্যে প্রস্তুতকৃত এই বিলটি শেষ পর্যন্ত পাসের মুখ দেখতে যাচ্ছে।

এই বিলের অধীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত ও চীনসহ রুশ তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর শুল্কারোপের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

৬০ ভোটের প্রয়োজনীয় সীমা পেরিয়ে বিলটি সিনেটে ৮৬–১২ ভোটের বিশাল ব্যবধানে অনুমোদন পায়। প্রায় সব রিপাবলিকান এবং অধিকাংশ ডেমোক্র্যাট সদস্যই বিলটির পক্ষে সমর্থন জানান।

উল্লেখ্য, এই বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও সরাসরি সমর্থন রয়েছে।

চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করা সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিলটি সিনেটে উত্থাপিত হয়। এর কিছুক্ষণ আগেই ক্যাপিটল হিলে সিনেটরদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের তীব্র সমালোচক হিসেবে পরিচিত প্রয়াত রিপাবলিকান সিনেটরের প্রতি সম্মান জানাতেই জেলেনস্কি সেসময় সেখানে উপস্থিত ছিলেন।

এই বিলের আওতায় রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী (অলিগার্ক), আর্থিক প্রতিষ্ঠান এবং মস্কোর তেল রফতানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লীট’ বা গোপন জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী শীর্ষ দেশগুলোর (বিশেষ করে চীন ও ভারত) ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের এখতিয়ার দেওয়া হয়েছে।

তবে যেসব দেশ রাশিয়া থেকে ১৫ শতাংশের কম প্রাকৃতিক গ্যাস আমদানি করে এবং ধীরে ধীরে এই নির্ভরতা কমিয়ে আনার পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য এই বিলে কিছুটা ছাড় বা ব্যতিক্রমের সুযোগ রাখা হয়েছে। ট্রাম্পের অনুরোধে বিলে সংশোধন এনে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন বন্ধে আগের নিষেধাজ্ঞাগুলোর মেয়াদও বাড়ানো হয়েছে।

বিলটির নাম রাখা হয়েছে প্রয়াত সিনেটর গ্রাহামের নামানুসারে। তিনি এক বছরেরও বেশি সময় ধরে এই বিলের সমর্থনে জনমত গঠন করেন এবং মৃত্যুর ঠিক কিছুদিন আগেই হোয়াইট হাউসের সঙ্গে বিলের সংশোধিত সংস্করণ নিয়ে একটি চুক্তিতে পৌঁছান।

বিলের সমর্থকদের দাবি, ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে পা দেওয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের তহবিল বন্ধ করতে মস্কোর জ্বালানি খাত থেকে আসা আয় আটকে দেওয়া অত্যন্ত জরুরি।

এক যৌথ বিবৃতিতে ছয়জন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটর বলেন, ‘সিনেটর গ্রাহামের স্মৃতির প্রতি সম্মান জানানোর এর চেয়ে সেরা উপায় আর হতে পারে না যে, এই দ্বিদলীয় সমঝোতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’

রাশিয়াকে শাস্তি দেওয়ার বিষয়ে সার্বিক সমর্থন থাকলেও, কিছু ডেমোক্র্যাট সদস্য এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে অতিরিক্ত কর্তৃত্ব এনে দেবে, যা আমেরিকান ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে কিংবা ইউরোপীয় মিত্রদের ক্ষতিগ্রস্ত করতে পারে।

সিনেটে চুড়ান্ত ভোটাভুটির পর এটি অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পাঠানো হবে। প্রতিনিধি পরিষদ ইতোমধ্যে গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় আগামী সেপ্টেম্বরের আগে এটি বিবেচনা করার সম্ভাবনা কম।

সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension