
ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল আসছে না
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র থেকে ১২টি পর্যবেক্ষক দল আসার কথা থাকলেও ভিসা জটিলতায় সেই সফর বাতিল করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা। নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়পত্র ও ভিসা প্রদান করে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের আসতে দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি হতাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল (২১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র রবার্ট পাল্লাদিনো এ হতাশা ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে সময় মত ভিসা দিতে অপারগতা প্রকাশ করায় পর্যবেক্ষক দল তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের এমন আচরণের ফলে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এনফ্রেল) তাদের আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করে দিতে বাধ্য হয়েছে।’
এর আগে ১ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র এক ডজন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। প্রত্যেকটি দলে দু’জন করে পর্যবেক্ষক থাকার কথা ছিল।
যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের সঙ্গে মিলে দেড় হাজার স্থানীয় পর্যবেক্ষককে অর্থায়নও করছে দেশটি।



