ভারত

মণিপুরে শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠকের ডাক অমিত শাহের

জাতিগত সহিংসতায় বেশকিছু দিন উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। এখনও সেখানে ধারাবাহিকভাবে পুড়ছে বাড়িঘর, মরছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই মণিপুরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। অস্ত্রধারী কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে জায়গায় জায়গায়।

এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে বসবেন অমিত শাহ। সেদিন সাউথ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসেই স্থানীয় সময় ৩ টায় বৈঠকটি হবে। মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায়, তা নিয়েই ওই বৈঠকে আলোচনা করা হবে।

যদিও ওই বৈঠক নিয়ে কংগ্রেস বলছে, বড্ড দেরি হয়ে গেছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দাবি করেন, সোনিয়া গান্ধী মণিপুর নিয়ে সরব হওয়ার পরই ঘুম ভেঙেছে কেন্দ্রীয় সরকারের। এর আগে বিরোধীরা কেন্দ্রকে মণিপুর নিয়ে চিঠি দিয়েছিলেন।

এদিকে মণিপুরেরও ৯ জন বিধায়ক মোদিকে চিঠি লিখে রাজ্যটির মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা ব্যক্ত করেছেন। তাই অবশেষে বৈঠক ডাকছেন শাহ।

গত ৩ মে থেকে জাতিগত সহিংসতার সাক্ষী হচ্ছে মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলার অধিকাংশ মানুষকে সরানো হয়েছে।

এরই মধ্যে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। অভিযোগ উঠেছে কুকি জঙ্গিরা অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে সেই রাজ্যে।

ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মৈতৈ জনজাতি। তবে তারা সম্প্রতি দাবি তুলেছে যে তাদের তফসিলি উপজাতির মর্যাদা দিতে হবে। তাদের এই দাবির বিরোধ জানিয়েছে স্থানীয় আদিবাসীরা।

এই অবস্থার মধ্যে গত এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিল ঘিরেই সহিংসতা ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর জেলায়।

এদিকে তফশিলি উপজাতির ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছে রাজ্যটিতে। এই আবহে গত এপ্রিল মাসে এই চূড়াচাঁদপুর জেলাতেই মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সভাস্থলে আগুন দিয়েছিল ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সদস্যরা। সূত্র : আনন্দবাজার

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension