বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের মন্ত্রী ও সমাজের উচ্চশ্রেণির মানুষের জন্য করোনার ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে।
রবিবার সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, সরকারের মন্ত্রী বলছেন ভ্যাকসিনের দাম পড়বে ৪২৬ টাকা। এই টাকা সরকার পরিশোধে করবে নাকি জনগণকেই দিতে হবে তা পরিষ্কার করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দেশে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা যা বলা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ফখরুল।
বিএনপি মহাসচিব অভিযোগ করে আরও বলেন, করোনার টিকা সংগ্রহ ও বিতরণে সরকারের সুনির্দিষ্ট কোনও কর্মপরিকল্পনা নেই। সাধারণ মানুষ কীভাবে ও কখন ভ্যাকসিন পাবে সরকার তা বলছে না।
তিনি ভ্যাকসিন সংগ্রহ, মূল্য ও বিতরণ পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ রোডম্যাপ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ জানুয়ারি সারাদেশে থানা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।❐



