দেশবাসীকে কিম জং উনের খোলা চিঠি
উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন নতুন বছরের শুরুতেই দেশবাসীকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর এই রীতি চলে আসছে কিমের বাবা ও দাদার আমল থেকেই। প্রতি বছর চেয়ারম্যানের লিখিত বক্তব্য জনগণের উদ্দেশে পাঠ করা হয়।
কিন্তু এবার কিম জং উন নতুন বছরে জনগণের উদ্দেশে লিখেছেন খোলা চিঠি। গত শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত মিডিয়া কেসিএনএ এক প্রতিবেদনে খোলা চিঠির বিষয়টি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, পারিবারিক সমাধি সৌধ পরিদর্শন এবং জনগণের উদ্দেশে খোলা চিঠি লিখে নতুন বছর উদযাপন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
উত্তর কোরিয়ার নাগরিকদের কাছে লেখা খোলা চিঠিতে কিম জং উন মহামারীর মধ্যে ক্ষমতাসীন দলের ওপর আস্থা ধরে রাখায় জনগণকে ধন্যবাদ জানান। মানুষের আকাক্সক্ষা পূরণে আরও কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতিও দেন তিনি।
জনগণের উদ্দেশে লেখা চিঠিতে কিম বলেন, ‘আমি নতুন বছরেও কঠোর পরিশ্রম করব নতুন যুগ দ্রুত এনে দিতে। সেই যুগে আমাদের জনগণের আদর্শ ও আকাক্সক্ষাগুলো সত্যে পরিণত হবে।’
এর আগে গত অক্টোবেরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে জনগণের আকাক্সক্ষা পূরণে ব্যর্থতার কথা স্বীকার করে কেঁদে ফেলেন কিম। নাগরিকদের কাছে সেই সময়ে ক্ষমাও চান তিনি।
করোনাভাইরাসের মহামারীতে উত্তর কোরিয়ার কেউ আক্রান্ত হয়নি বলে দাবি করে আসছে পিয়ংইয়ং। তবে এই দাবি নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। তবে ভাইরাস সংক্রমণ রুখতে সীমান্ত বন্ধসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কবলিত দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।
অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি ছাড়াও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন প্রশ্নেও চাপে আছেন কিম। গত বছর সীমান্তে প্রোপাগান্ডা বেলুন উড়ানোকে কেন্দ্র করে কিমের বোনের নির্দেশে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে উত্তর কোরিয়া। উভয় দেশের মধ্যকার লিয়াজোঁ অফিস বোমা মেরে গুঁড়িয়ে দেয় পিয়ংইয়ং বাহিনী। কিন্তু সম্প্রতি ওই লিয়াজোঁ অফিসটি আবারও তৈরি করতে দেখা গেছে।
ফলে আবারও দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনা এগোতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণের সঙ্গে আলোচনা এগোনোর অর্থ যুক্তরাষ্ট্রের সঙ্গেও নমনীয় অবস্থানে যেতে পারে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের আসন্ন নতুন প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী হবে কি না তা এখনই বলা যাচ্ছে না।❐



