বিনোদন

মারা গেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা বনশ্রী

আজ মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা বনশ্রী। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় জানাজা শেষে উপজেলার পল্লী কুমেরপাড় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তাঁর। বনশ্রীর ভগ্নিপতি আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি এলাকার মজিবুর রহমান মজনু শিকদার ও সবুরজান রিনার বড় মেয়ে বনশ্রী। এক বোন ও এক ভাই রয়েছে তাঁর। সত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন বনশ্রী। ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় আবির্ভাব ঘটে তাঁর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করা সিনেমাটি ব্যবসাসফল হলে পরিচিতি পান বনশ্রী। এরপর আরও প্রায় ১০টি সিনেমায় অভিনয় করেন তিনি। মান্না, আমিন খান ও রুবেলের বিপরীতেও নায়িকা হয়েছেন। কিন্তু অল্প কদিনেই আবার আলোচনা থেকে ছিটকে পড়েন এ নায়িকা।

শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে বনশ্রী ফিরে গিয়েছিলেন নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। নানা জায়গায় ঘুরে একসময় তাঁর ঠাঁই হয় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। অভাবের তাড়নায় কিছুদিন ভিক্ষাও করেছেন তিনি। মৃত্যুর কদিন আগে বিত্তবানদের পাশাপাশি চলচ্চিত্রসংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু পাননি।

নিজের অভিনীত ‘সোহরাব রুস্তম’ সিনেমার পোস্টার হাতে বনশ্রী। ছবি: সংগৃহীত
নিজের অভিনীত ‘সোহরাব রুস্তম’ সিনেমার পোস্টার হাতে বনশ্রী। ছবি: সংগৃহীত

শিবচর থানার পাঁচ্চর এলাকার একটি সরকারি গুচ্ছগ্রামের ছোট ঘর ছিল বনশ্রীর একমাত্র আশ্রয়। রান্না করতে না পারায় মাঝেমধ্যে প্রতিবেশীদের কাছে খাবার চাইতে হতো। শিবচর হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে গত পাঁচ দিন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন বনশ্রী। হৃদ্‌রোগ, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন তিনি। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension