যুক্তরাষ্ট্র

মার্কিন বাস্কেটবল তারকা গ্রিনারকে মুক্তি দিল রাশিয়া

মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে মুক্তি দিয়েছে রাশিয়া। তার মুক্তি মিলেছে বন্দি বিনিময়ের মাধ্যমে। ব্রিটনির পরিবর্তে ১২ বছর ধরে মার্কিন কারাগারে আটক কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের মুক্তি দিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও আল জাজিরা।

গ্রিনারকে গত ফেব্রুয়ারিতে মস্কো বিমানবন্দরে গাঁজার তেলসহ গ্রেপ্তার করে রুশ পুলিশ। তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়ে গত জুলাই মাসে একটি কারাগারে পাঠানো হয়।

গ্রিনারকে মুক্ত করতে জুলাই থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাইডেন প্রশাসন। গ্রিনারকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র একপর্যায়ে বন্দি বিনিময়ের প্রস্তাব করলে রুশ কর্তৃপক্ষ সচেতনভাবেই দীর্ঘদিন ধরে আটক বাউটের মুক্তি দাবি করে।

অবশেষে বাউটের মুক্তির বিনিময়েই ব্রিটনি গ্রিনারের মুক্তি মিলেছে। গ্রিনারকে একটি ব্যক্তিগত বিমানে মস্কো থেকে আবুধাবিতে নেওয়া হয় এবং ওয়াশিংটন থেকে বাউটকে নিয়ে যায় আরেকটি ব্যক্তিগত বিমান।

আবুধাবি বিমানবন্দরে দুজনকে নিজ নিজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। বিমানবন্দর টারমাকে তারা একে অপরের পাশ দিয়ে হেঁটে পেরিয়ে যান।

গ্রিনারের মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গ্রিনারের মুক্তির খবর জানিয়ে বাইডেন বলেন, গ্রিনার নিরাপদে আছেন এবং আরব আমিরাত থেকে একটি বিমানে বাড়ি পৌঁছেছেন।

হোয়াইট হাউসে বাইডেন বলেন, আমি আনন্দিত যে ব্রিটনি ভালো আছেন। তার সুস্থ হওয়ার জন্য একান্ত সময় ও জায়গা প্রয়োজন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ান নাগরিককে যুক্তরাষ্ট্র স্বদেশে ফিরিয়ে দিয়েছে। মস্কোর কাছে ভনুকোভো বিমানবন্দরে পৌঁছেছেন বাউট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension