
মালদ্বীপে বিদেশি হস্তক্ষেপের প্রয়োজন নেই
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:মালদ্বীপে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তাকে ‘অভ্যন্তরীণ সংকট’ হিসেবে উল্লেখ করে চীন বলেছে, সে দেশের জনগণ নিজেরাই এর সমাধান খুঁজে বের করবে, বিদেশি হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদের ভারতের সাহায্য চেয়ে করা এক টুইটের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাং শুয়াং মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘মালদ্বীপের সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞার ওপর আমাদের বিশ্বাস আছে। আমরা আরও বিশ্বাস করি চলমান এই সংকট উত্তরণের মত সব রকম ক্ষমতাও তাদের রয়েছে।’
গাং শুয়াং আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপ বিনিময়ের মাধ্যমে মতপার্থক্য দূর করবে এবং সাংবিধানিকভাবেই এই সংকট থেকে বেরিয়ে আসবে। তারা নিজেরাই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। বাইরের সাহায্যের কোনো প্রয়োজন নেই।
এর আগে মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমক্রেটিক পার্টির (এমডিপি) নেতা নাশিদ টুইটারে দেয়া এক বিবৃতিতে বলেছিলেন, ‘বিচারক, রাজনৈতিক বন্দি, সেইসঙ্গে সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে মুক্ত করতে আমরা ভারত সরকারকে তাদের সেনাবাহিনী সমর্থিত প্রতিনিধি দলকে মালদ্বীপে পাঠানোর আহ্বান জানাচ্ছি। তাদের মালদ্বীপের মাটিতে আসার অনুরোধ জানাচ্ছি।’
সোমবার রাতে মালদ্বীপে জরুরি অবস্থা জারির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দেশটির প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ এবং সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমসহ সাতজনকে গ্রেপ্তার করার পরই ভারতের হস্তক্ষেপ কামনা করে এ টুইট করেন নাশিত।
তার এই টুইটবার্তার প্রেক্ষিতে মালদ্বীপে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দেয় চীন। যদিও এর আগে চীনা নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নাশিদ বর্তমানে শ্রীলঙ্কায় স্বেচ্ছা নির্বাসনে আছেন। ২০১৩ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ইয়ামিনের কাছে অল্প ব্যবধানে হেরে যান।
সূত্র: দ্য হিন্দু



