
মুম্বাইতে সমাজকর্মী তিস্তা শেতালওয়াড় গ্রেপ্তার
ভারতের সমাজকর্মী তিস্তা শেতালওয়াড়কে শনিবার গ্রেপ্তার করেছে গুজরাটের সন্ত্রাস দমন বাহিনী। মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কী অভিযোগে তিস্তাকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে গুজরাট দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদিকে দায়মুক্তি দেওয়ার বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে খারিজের পরদিনই তাকে আটক করা হলো।
তিস্তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর আইনজীবী বলেন, ‘আমাদের কিছু জানানো হয়নি। বাড়িতে (তিস্তার বাড়ি) আচমকাই ঢুকে পড়েন সন্ত্রাস দমন বাহিনীর কর্মকর্তারা। তারা তিস্তাকে হেনস্থা করেছেন। ’
ঘটনাচক্রে শনিবারই সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ সরাসরি তিস্তার নাম নেন। শাহ বলেন, ‘সরকার সহিংসতা (গুজরাট সহিংসতা) রুখতে সচেষ্ট ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মোদি বারবার শান্তির আবেদন করেছিলেন। তিনি বরাবর আইনের পক্ষে ছিলেন। কিন্তু মিথ্যা তথ্যপ্রমাণ দেওয়া হয়েছিল। মিডিয়া ও এনজিও এ কাজ করেছে। তিস্তা শেতলওয়াড়ের এনজিও এর পেছনে ছিল। ’
প্রসঙ্গত, গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়মুক্তি দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। সে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান দাঙ্গায় নিহত সাবেক কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। তার আবেদন আর্জি শুক্রবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সূত্র: আনন্দবাজার পত্রিকা



