
মুশফিকের রসিকতা- মিরপুরের ফাঁকা গ্যালারি নিয়ে
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরে পুরোদমে জমে ওঠেনি দর্শক সমাগম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল পর্যন্ত ৮ ম্যাচ হয়ে গেছে। আর বিপিএলে ফাঁকা গ্যালারি নিয়ে রসিকতা করেছেন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।
এবারের আসরে চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। তিনি বলেন, ‘ফাঁকা গ্যালারি তো থাকবে ভাই। সবাই এখন মোবাইলে লাইভ দেখতে পারে, বাসায় আরাম করে খেলা দেখতে পারে। যখন বাইরে কাজ করে তখন টিভি বা মোবাইলে দেখে। দর্শক উপস্থিতি কম হওয়ার ক্ষেত্রে এটি অন্যতম কারণ হতে পারে।
আগে আবাহনী-মোহামেডান লীগের খেলা কোথাও দেখার সুযোগ থাকত না। তখন মাঠে অনেক দর্শক হতো। এখন বাইরে থেকেও সহজেই খেলার খোঁজখবর রাখা সম্ভব। সারা বছর আন্তর্জাতিক ম্যাচ এতো হয় যে মানুষ ভাবে একটু রেস্ট নিই, পরে আন্তর্জাতিক ম্যাচ হলে দেখবো।
তবে আমি দর্শকদের উদ্দেশে এটাই বলব, এত বড় বড় ক্রিকেটার আসছে- স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড। তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন, তাহলে আর কোথায় দেখবেন!’
-রানশু



