
মোহাম্মদ নাসিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোক করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গত এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয় নি। ডিপ কোমায় থাকা নাসিমকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার সেরে উঠা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন ডাক্তাররা।
তিন তিনটি নমুনা পরীক্ষায় নাসিমের দেহে করোনার জীবানু ধরা পড়ে নি। তিনি এখন পুরোপুরি করোনামুক্ত নাসিম।করোনামুক্ত হলেও নাসিমের অবস্থার কোনও পরিবর্তন হয় নি। অস্ত্রোপচারের পর প্রথম ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে নাসিমের জ্ঞান ফেরে নি। পরে তাকে আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। তবুও তার স্বাস্থ্যের ন্যূনতম উন্নতি হয় নি। প্রায় এক সপ্তাহ ধরে অচেতন নাসিম, কোনও সাড়া নেই।
জানা গেছে ম্যাসিভ ব্রেন স্টোকের পর সফল অস্ত্রোপচার হলেও এখনও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেঁধে আছে। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় আছেন।
সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী দেশে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। দুই দফায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। সেখানে রয়েছেন দেশের সেরা ডাক্তাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তার স্বাস্থ্যের খোজ নিচ্ছেন।আইসিইউতে তাকে সবচেয়ে নিরাপদ সেবা দেয়া হচ্ছে।
এতকিছুর পরও গত এক সপ্তাহে তার স্বাস্থ্যের কোনও পরিবর্তন নেই। এক বারের জন্যও জ্ঞান ফেরে নি। তাকে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
এমতাবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৱসা দেয়ার প্রস্তুতি চলছে। নাসিমের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা স্থিতিশীল। পরিবার চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নিতে পারে।
এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ শুরু করা হলেও কোনও ফলাফল আসে নি। দেশের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে পরিবারের সদস্যরা বলছেন, এখানকার চিকিৎসকরা ছাড়পত্র দিলে তবেই তারা সিঙ্গাপুর নেওয়ার চিন্তা করবেন।
নতুন করে আরও ৭২ ঘণ্টা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার যে সিদ্ধান্ত নিয়েছে গঠিত মেডিকেল বোর্ড তা শুক্রবার শেষ হবে।⛘



