
যমুনায় নাব্যতা সংকট
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: পাবনার বেড়া ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে যমুনা নদীতে নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। ফলে ধারণ ক্ষমতার কম মাল নিয়ে বাঘাবাড়ী নৌ-বন্দরে আসছে রাসায়নিক সার, ক্লিংকার ও জ্বালানি তেলবাহী জাহাজ। আবার জাহাজগুলো বন্দর ছেড়ে যাচ্ছে ধারণ ক্ষমতার কম মাল নিয়ে। বন্দর কর্তৃপক্ষের শঙ্কা, বিআইডাব্লিউটিএ ড্রেজিং শুরু না করায় নাব্যতা সঙ্কট আরও প্রকট আকার ধারণ করতে পারে।
সরেজমিন ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রায় এক কোটি ২৫ লাখ লিটার জ্বালানি তেলভর্তি ১২টি জাহাজ বাঘাবাড়ী বন্দরের বড়াল নদীর বিভিন্ন পয়েন্টে আনলোডের অপেক্ষায় নোঙর করে আছে। উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল ও রাসায়নিক সার চাহিদার ৯০ ভাগ বাঘাবাড়ী রিভারাইন অয়েল ডিপো ও নৌ-বন্দর থেকে যোগান দেয়া হয়। সেচ মৌসুমে এখান থেকে প্রতিদিন ৩৬ লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয়। নাব্যতা সঙ্কট দ্রুত নিরসন না হলে এ অঞ্চলে সেচ ও সার নির্ভর বোরো আবাদ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছে কৃষি বিভাগ।
বাঘাবাড়ি নৌ-বন্দর কর্তৃপক্ষ জানান, স্বাভাবিকভাবে রাসায়নিক সার ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে ১০ ফুট পানির গভীরতা প্রয়োজন। বাঘাবাড়ী বন্দর নৌ-চ্যানেলের নাকালিয়া ও মোল্লারচরে নাব্যতা সঙ্কট প্রকট আকার ধারণ করেছে।
মোহনগঞ্জ থেকে দৌলতদিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার নৌ-পথের মোহনগঞ্জ, পেচাকোলা, হরিরামপুর, কল্যাণপুর, চরসাফুল্লা, চরশিবালয়, নাকালী ও রাকশা পয়েন্টে পানির গভীরতা কমে ৭ থেকে ৮ ফুটে দাঁড়িয়েছে। সরু হয়ে গেছে নৌ-চ্যানেল। দেখা দিয়েছে নাব্যতা সঙ্কট। ফলে চলতি মাসের প্রথম থেকে জাহাজ তেলবাহী জাহাজ ১০ লাখ লিটারের স্থলে ৭ লাখ লিটার তেল নিয়ে বাঘাবাড়ী বন্দরে আসছে। রাসায়নিক সার, ক্লিংকার, চাল, গমসহ অন্যান্য পণ্যবাহী জাহাজ পাটুরিয়াতে কিছু মাল খালাস করে ছোট ছোট নৌকা ও লাইটারেজ জাহাজে করে বাঘাবাড়ী বন্দরে আনা হচ্ছে। এতে ব্যবসায়ীদের জাহাজ প্রতি ৪০ থেকে ৫৫ হাজার টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।
এমভি তূর্য কার্গো জাহাজের মাস্টার নাজিম উদ্দিন জানান, দৌলতদিয়া থেকে বাঘাবাড়ী নৌ-বন্দর পর্যন্ত ৪৫ কিলোমিটার নৌ-পথের ৭টি পয়েন্টে পানির গভীরতা কমে দাঁড়িয়েছে ৭ থেকে ৮ ফুট। নৌ-চ্যানেল জেগে উঠছে ডুবোচর। মোল্লারচর ও নাকালিয়া পয়েন্টে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ওই পয়েন্টে জেগে উঠা চরের পরিধি বেড়ে যাওয়ায় দিনের পর দিন চ্যানেলটি আরো সরু হয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই ডুবোচরে পণ্যবাহী জাহাজ আটকা পড়ছে। দ্রুত ড্রেজিং না করা হলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন।
বিআইডাব্লিউটিএ আরিচা অফিস সূত্র জানায়, প্রতি বছরের এ সময়ে দৌলতদিয়া থেকে বাঘাবাড়ী পর্যন্ত ৪৫ কিলোমিটার নৌ-পথে নাব্যতা সঙ্কট দেখা দেয়। বর্তমানে এ রুটে ৮ থেকে ৯ ফুট আবার কোথাও কোথাও ৭ থেকে ৮ ফুট পানির গভীরতা রয়েছে। নৌ-চ্যানেল সচল রাখার জন্য নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজিং করা হবে।
সূত্র জানায়, বাঘাবাড়ী বন্দর নৌ-রুটে ৬ থেকে সাড়ে ৬ ফুট ড্রাফটের পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য বলা হয়েছে। কিন্তু কার্গো জাহাজগুলো অতিরিক্ত মালামাল বহন করায় ডুবোচরে আটকা পড়ছে।
বিপিসির বাঘাবাড়ী রিভারাইন অয়েল ডিপোর যমুনা কোম্পানির ম্যানেজার এ কে এম জাহিদ সরোয়ার জানান, বাঘাবাড়ীতে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল বিপণন কোম্পানির ডিপোতে প্রায় ৪ কোটি ৫০ লাখ লিটার ডিজেল মজুদ আছে। আরও প্রায় এক কোটি ২৫ লাখ লিটার জ্বালানি তেলভর্তি ১২টি জাহাজ বাঘাবাড়ী বন্দরের বড়াল নদীর বিভিন্ন পয়েন্টে আনলোডের অপেক্ষায় নোঙর করে আছে। নাব্যতা সঙ্কটে জাহাজগুলো ধারণক্ষমতার কম লোড নিয়ে বাঘাবাড়ী ডিপোতে আসছে। তবে চলতি বোরো মৌসুমে উত্তরাঞ্চলে জ্বালানি তেল (ডিজেল) সঙ্কটের কোনও আশঙ্কা নেই বলে দাবি করেন জানিয়েছেন।



