
যুক্তরাজ্যফেরত যাত্রীদের ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যুক্তরাজ্যে কোভিড-১৯-এর নতুন ধরন দেখা দেওয়ায় ইউকে-ফেরত যাত্রীদের দেশে প্রবেশে সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাত দিন শেষ হলে কোয়ারেন্টাইনে থেকেই সরকারিভাবে যাত্রীদের কোভিড টেস্ট করে ছেড়ে দেওয়া হবে। দেশের কোভিড পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বুধবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বিদেশফেরত যাত্রীদের জন্য জিন এক্সপার্ট মেশিন, মোবাইল পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে থাকা জিন এক্সপার্ট মেশিন, মোবাইল পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্ট সেন্টারগুলোর উদ্বোধন করেন।
জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল পিসিআর ল্যাব উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘জিন এক্সপার্ট মেশিনে কোভিড-১৯ টেস্টের মাধ্যমে দেশে নতুন আরেকটি প্রযুক্তি যুক্ত হলো। এর আগে এ বছর মার্চ মাস থেকেই দেশে কোভিড-১৯ টেস্ট শুরু করা হয়। শুরুতে মাত্র ১টি পিসিআর ল্যাব ছিল। বর্তমানে ১১৮টি পিসিআর ল্যাব চালু করা হয়েছে। এর সঙ্গে অ্যান্টিজেন টেস্ট যুক্ত করা হয়েছে। আজ নতুনভাবে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা শুরু হলো। সুতরাং কোভিড মোকাবিলায় আমরা সব দিক দিয়েই এখন সেবার মান বৃদ্ধি করেছি। কোভিড মোকাবিলায় স্বাস্থ্য খাতের যথোপযুক্ত উদ্যোগ থাকায় দেশের মানুষ স্বাভাবিক জীবন-যাপন করছে, ব্যবসা-বাণিজ্য চলমান রয়েছে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও ঊর্ধ্বমুখী রয়েছে।’❐



