
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী উ. কোরিয়া
রূপসী বাংলা ডেস্ক:দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রভাবশালী জেনারেল কিম ইয়ং চোল। তার সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। বৈঠকের পরপরই তিনি বলেন, উত্তর কোরিয়া ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। খবর বিবিসির।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু তিনি বলেননি বা উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এ নিয়ে কিছু বলা হয়নি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে রবিবারের এই বিবৃতি অনেক পর্যবেক্ষকে হয়তো বিস্মিত করবে কারণ দুদিন আগেই শুক্রবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর ব্যাপক মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর পরপরই ক্রুদ্ধ প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং বলেছে, মার্কিন এই নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল। আর এসব বাক-বিতণ্ডার দুদিন পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সুর নরম করার এই ইঙ্গিত পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাল্টা সাড়া’র কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা গেছেন দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে উত্তর কোরীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের কোনো সম্ভাবনা যুক্তরাষ্ট্র নাকচ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, দক্ষিণ কোরিয়ার প্রতি উত্তর কোরিয়া যে উষ্ণতা এখন দেখাচ্ছে তার উদ্দেশ্য সিউল এবং ওয়াশিংটনের সম্পর্কে বিভ্রান্তি তৈরি।ঢাকাটাইমস



