প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে, বাতাসে গরম পানিও জমে যাচ্ছে!

ভয়ঙ্কর তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। তীব্র শীতে হাড় কাঁপছে প্রায় ২০কোটি মানুষের। তুষারঝড়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঝড় ‘বোম্ব সাইক্লোন’-এ রূপ নেওয়ার পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন ১৫ লাখের বেশি মানুষ। টেক্সাস থেকে মাইন অঙ্গরাজ্য পর্যন্ত ৩ হাজার ২০০ কিলোমিটারের বিশাল এলাকাজুড়ে এই তুষারঝড় চলছে।

দেশটির কোনো কোনো অঙ্গরাজ্যের তাপমাত্রা এতটাই কমে গেছে যে, বাতাসে ফুটন্ত গরম পানি ছুড়লেও মুহূর্তেই সেটা জমে গিয়ে তুষারে পরিণত হচ্ছে।

টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দেশটির মন্টানা অঙ্গরাজ্যে এক ব্যক্তি বাতাসে গরম পানি ছুড়ছেন। আর মুহূর্তেই সেটা তুষারে পরিণত হচ্ছে।

পুরো উত্তর আমেরিকাজুড়েই তুষারঝড় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ও কানাডার বিশাল অংশজুড়ে তাপমাত্রা মারাত্মকভাবে কমে গেছে।

মন্টানা অঙ্গরাজ্যের এলক পার্কে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। মিশিগানের হেল শহর কয়েক ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে। গতকাল শুক্রবার রাতে সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।

হেল শহরের একটি সেলুনের কর্মী এমিলি বিবিসিকে বলেন, ‘এখানে বেশ ঠান্ডা। আমরা যেন নরকে সময় কাটাচ্ছি।’

দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (-৫৫ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে।

হ্যামবুগের্র বাসিন্দা ৩৯ বছর বয়সী জেনিফার অরল্যান্ডো বলেন, ‘রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। আমরা কোথাও যাচ্ছি না। মহাসড়কে একটি গাড়ি চাকা পিছলে বিদ্যুৎলাইনে ধাক্কা দেওয়ার পর তার বাসা চার ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।’

পাওয়ার আউটেজ ডট ইউএসের তথ্যমতে, তীব্র শীতের মধ্যে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন লাখ লাখ গ্রাহক। টেক্সাসের এল পাসোতে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অভিবাসীরা উষ্ণ আশ্রয়ের সন্ধানে মরিয়া হয়ে উঠেছেন।

রোজা ফ্যালকন নামে এক শিক্ষক ও স্বেচ্ছাসেবক জানিয়েছেন, অভিবাসীদের অনেকেই চার্চ, স্কুল ও নাগরিক কেন্দ্রগুলোতে ভিড় করছেন।

তবে মাইনাস ১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মধ্যেও কেউ কেউ বাইরেই থাকছেন। কারণ তারা মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নজরে পড়ার ভয় করছেন।

নর্থ ও সাউথ ডাকোটা, ওকলাহোমা, আইওয়াসহ অন্যান্য স্থানের পরিবহন বিভাগগুলো প্রায় শূন্য দৃশ্যমানতা, বরফে ঢাকা রাস্তা ও তুষারঝড়ের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের বাড়িতে থাকার জন্য জোরালো আহ্বান জানিয়েছে তারা।

সাউথ ডাকোটায় তুষারঝড়ে কাবু কিছু নেটিভ আমেরিকান জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর জামাকাপড় পুড়িয়ে ঘর গরম রাখার চেষ্টা করেন বলে খবর পাওয়া গেছে।

ওকলাহোমায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার তার রাজ্যে তিনটি প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

ওহাইওতে ৫০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। মিশিগানে ৯টি ট্র্যাক্টর ট্রেলারের দুর্ঘটনায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। এমন পরিস্থিতিতে চালকদের রাস্তায় না উঠতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, রাস্তাগুলো আইস স্কেটিং রিংকের মতো হতে চলেছে। এর ওপর গাড়ি চলতে পারবে না।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ৭ হাজার ৬০০টি বিলম্বিত হয়েছে।

এনডব্লিউএসের গ্লাসগো শাখার প্রধান পূর্বাভাসদাতা রিচ মালিয়াওকো বলেছেন, সেখানে বাতাসের তাপমাত্রা রাতারাতি মাইনাস ৬০ ডিগ্রি ফারেনহাইটে (মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস প্রায়) নেমে গিয়েছিল। এই আবহাওয়া অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন তিনি।

মালিয়াওকো বলেছেন, এ ধরনের ঠান্ডা বাতাসে আপনি যদি গরম কাপড় না পরেন, তাহলে অনাবৃত ত্বক পাঁচ মিনিটেরও কম সময়ে ফ্রস্টবাইটে আক্রান্ত হতে পারে। ফ্রস্টবাইটে আক্রান্ত হলে ত্বকে ঘা হয়ে যায় এবং অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলে দিতে হয়। তাপমাত্রা বেশি কমে গেলে রক্ত চলাচল কমে যায়। উষ্ণ রক্তের অভাবে দেহের ঐ অংশ ঠাণ্ডা হয়ে জমে যায়। এর ফলে নাক, গাল, হাত, পায়ের আঙুলে ক্ষত তৈরি হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension