
যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও তুষারপাত, নিহত ৯০
গত এক সপ্তাহ ধরে তীব্র শীত ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এছাড়া দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, তীব্র শীতে টেনেসি অঙ্গরাজ্যে মারা গেছেন কমপক্ষে ২৫ জন আর ওরেগনে ১৬ জন। এইদুই অঙ্গরাজ্যে তীব্র তুষারপাতের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তবে আগামী কয়েকদিনের মধ্যে তুষারপাত কমবে বলে আশা করা হচ্ছে।
বিবিসি জানায়, টেনেসি এবং ওরেগন-এ মৃতের সংখ্যা সবচেয়ে বেশি হলেও মিসিসিপি, ইলিনয়, পেনসিলভানিয়া, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ অন্যান্য অঞ্চলেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ছাড়া সড়কে তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত ফ্লাইট।
বৈরী আবহাওয়ার কারণে আগামী কয়েক দিন বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার এই বৈরী রূপ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।



