
যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে নিহত বেড়ে ৪৩
যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী হারিকেন হেলেনের তাণ্ডবে নিহতের সংখ্যা ৪৩ জনে পৌঁছেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে চার ক্যাটাগরির এই হারিকেন।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদেন বলছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ ক্যারোলিনায়। ওই এলাকায় নিহতের সংখ্যা ১৭।
স্থানীয় কর্মকর্তারা ছয়টি ভিন্ন কাউন্টিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মধ্যে দুজন দমকলকর্মী রয়েছেন। বাড়ির ওপর গাছ পড়ে মারা গেছেন দুজন। জর্জিয়ায় আরও ১৫ জন মারা গেছেন। ফ্লোরিডায় কমপক্ষে আটজন, উত্তর ক্যারোলিনায় দুজন এবং ভার্জিনিয়ায় একজনের মৃত্যু হয়েছে।
ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। হেলেনের তাণ্ডবে বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।
বিবিসি জানিয়েছে, সবমিলয়ে প্রায় ৪০ লাখ মানুষ বিদ্যুৎ নিয়ে সংকটে পড়েছে। দক্ষিণ ক্যারোলিনায় ১০ লাখেরও বেশি গ্রাহক এবং জর্জিয়া ও উত্তর ক্যারোলিনায় প্রায় ৯ লাখ গ্রাহক বিদ্যুৎহীন। ওহাইওতে কোনো মৃত্যুর কথা না জানা গেলেও ৩ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন।
ঝড়ের প্রভাবে নানাভাবে আহত হয়েছেন অনেকে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ফ্লোরিডা ও আশপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত ফ্লোরিডার বাসিন্দারা। অঙ্গরাজ্যটি গত এক বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো হারিকেনের কবলে পড়েছে।



