
প্রধান খবর
যুক্তরাষ্ট্রে ৪ জনে ৩ জন অবরুদ্ধ, ১ দিনে মৃত্যু ৫৬৫ জন, নিউ ইয়র্কে ২৭৯ জন
করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের ফলে বিশ্বে প্রতি দশ জনে চার জন মানুষ এখন গৃহবন্দী। কিন্তু যুক্তরাষ্ট্রে সংখ্যাটি দাঁড়িয়েছে প্রতি চারজনে তিনজন।
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৩২টি রাজ্যই লকডাউন ঘোষণা করা হয়েছে। সর্বশেষ মেরিল্যান্ড, ভার্জিনিয়া, অ্যারিজোনা ও টেনেসি নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৩ কোটি জনসংখ্যার ২৫ কোটিই ইতোমধ্যে অবরোধের আওতায়। মোট রাজ্যের দুই-তৃতীংশই এখন অবরুদ্ধ। বাকি রাজ্যগুলোতে জেলা ও স্থানীয় পর্যায়ে অবরোধ কার্যকর রয়েছে।
এদিকে করোনার পরীক্ষার জন্য টেস্টিং কিটের জন্য আমেরিকায় এখন হাহাকার চলছে। পর্যাপ্ত মেডিকেল সরঞ্জামের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর খেপেছেন রাজ্যের গভর্নররা।
তবে নিজ দেশে মেডিকেল সরঞ্জামের সংকট থাকলেও করোনাপীড়িত বন্ধুরাষ্ট্র, ইতালি, ফ্রান্স ও স্পেনে সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ নিয়েও ক্ষোভ বাড়ছে মার্কিন জনমনে।
করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ২১৪ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ১৪৮ জনের। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬৫ জন। মোট মৃত্যু ৩ হাজার ১৯২ জন।
শুধু নিউ ইয়র্ক সিটিতে বেশি ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এটি সর্বোচ্চ মৃত্যু। নিউ ইয়র্কে এ নিয়ে মারা গেলেন ১ হাজার ৩৪২ জন।
চীনের হুবেই প্রদেশের উহানে প্রাদুর্ভাব দেখা দেয়ার পর প্রস্তুতি গ্রহণে যথেষ্ট সময় পেয়েছে ট্রাম্প প্রশাসন।
কিন্তু ট্রাম্প সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেও বাস্তবতা ভিন্ন। গণপ্রাণহানি এবং আক্রান্তের সংখ্যা বিবেচনায় প্রস্তুতির বিষয়টি এখন প্রশ্নের মুখে। ♦



