
যে তারকারা নৌকায় আওয়ামী লীগের পাল ওড়ালেন
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার ৬ তারকা। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রায় ডজন খানেক তারকা। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন ৬ জন।
তারা হলেন- জাতীয় ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মুর্তজা, সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী, চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক, অভিনেতা আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ আসন থেকে তিনি গত ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে তিনি এবার লড়বেন বিএনপি মনোনীত কাজী আক্তারুজ্জামান জুয়েলের বিপরীতে। ১৯৭২ সালে আসাদুজ্জামান নূরের অভিনয় জীবন শুরু হয় নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হয়ে।
নড়াইল-২ (লোহাগড়া) আসনে মনোনয়ন পেয়েছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। এই আসনে বিএনপির প্রার্থী কে হবেন তা এখনো চূড়ান্ত হয় নি। তবে এ আসনে দুইজন মনোনয়ন জমা দিয়েছেন, এদের একজন ২০ দলীয় জোটের শরীক ড. ফরহাদুজ্জামান ফরহাদ ও সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের পুত্র শরীফ কাসাফ-উদ-দৌলা কাফি।
খুলনা-৪ (দিঘলিয়া, রূপসা, তেরখাদা) আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ফুটবল তারকা আবদুস সালাম মুর্শেদী। তাকে লড়াই করতে হবে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলালের সঙ্গে। আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লীগে খেলা শুরু করেন আবদুস সালাম মুর্শেদী।
ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। গাজীপুর-৫ আসনের জন্য তিনি ফরম সংগ্রহ করলেও তাকে ঢাকা-১৭ আসনের জন্য মনোনীত করেছে আওয়ামী লীগ। এই আসন থেকে ফারুককে লড়তে হতে পারে দুই জনের বিপরীতে। একজন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও অন্যজন বিএনপি মনোনীত শওকত আজিজ রাসেল। তবে অসুস্থ থাকায় এরশাদের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়ক ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে।
তৃতীয়বারের মত সংসদ সদস্য হতে মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর, মানিকগঞ্জ সদর) থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে তিনি ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে এবং দ্বিতীয়বার ২০১৪ সালের নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হয়েছিলেন। এবার তাকে লড়াই করতে হবে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া একজনের বিপরীতে। এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খাঁন শান্ত ও সিঙ্গাইর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খাঁন রোমানকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় মনোনয়ন পেয়েছেন মানিকগঞ্জ-১ (দৌলতপুর, শিবালয়, ঘিওর)আসন থেকে। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য। এই আসনে দুর্জয়কে এবার লড়াই করতে হবে বিএনপি মনোনীত কোনও একজনের বিপরীতে। এখন পর্যন্ত বিএনপি কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয় নি। বিএনপির মনোনয়ন তালিকায় রয়েছেন- আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোখসেদুর রহমান।
এখন নির্বাচনের অপেক্ষায় আছেন তাদের ভক্ত, দর্শকসহ দেশবাসী। কে ছিনিয়ে আনবে বিজয়, গলায় পরাবে মালা। সিংহভাগ মানুষই চায় তার প্রিয় তারকাকে নেতা হিসেবে পেতে।



